Header AD
Trending

ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে লালবাজার! ভুয়ো প্রচারে কড়া বার্তা কলকাতা পুলিশের

জরুরি ভিত্তিতে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে লালবাজার ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানাল কলকাতা পুলিশ (Kolkata Police)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে বলা হচ্ছিল, বিশেষ প্রয়োজনে কলকাতা পুলিশ সরাসরি স্থায়ী বাসিন্দার শংসাপত্র প্রদান করছে। এই দাবিকে ভুয়ো বলে স্পষ্ট ভাষায় তা খারিজ করেছে লালবাজার। পাশাপাশি এই ধরনের পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কলকাতা পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, তারা কোনও নাগরিককে ডোমিসাইল সার্টিফিকেট দেয় না এবং এমন কোনও প্রক্রিয়াও তাদের আওতায় নেই। নিয়ম অনুযায়ী, পুলিশ কেবল সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে যাচাই-সংক্রান্ত তথ্য সরবরাহ করে। শংসাপত্র ইস্যু করার ক্ষমতা পুলিশের নেই। যারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর ডোমিসাইল সার্টিফিকেটকে (Domicile Certificate) ঘিরে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে নির্বাচন কমিশন জানায়, এই শংসাপত্র জমা দেওয়া যাবে। পরে কিছু জটিলতার কারণে তা গ্রহণ না করার কথা বলা হয়। তবে শেষপর্যন্ত নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই শংসাপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশন স্পষ্ট করে জানিয়েছে, শুধুমাত্র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক অথবা মহকুমা শাসকের স্বাক্ষরযুক্ত ডোমিসাইল সার্টিফিকেটই বৈধ বলে বিবেচিত হবে। অন্য কোনও সংস্থার বা ব্যক্তির স্বাক্ষর করা শংসাপত্র গ্রহণযোগ্য নয়।

এই পরিস্থিতিতেই কলকাতা পুলিশ জরুরি ভিত্তিতে সার্টিফিকেট দিচ্ছে— সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ে। সেই প্রসঙ্গেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, তারা কেবল যাচাই-প্রক্রিয়ায় সহায়তা করে, সরাসরি কোনও শংসাপত্র ইস্যু করে না। নাগরিকদের বিভ্রান্ত না হওয়ারও আবেদন জানানো হয়েছে।