Header AD

বিধানসভা নির্বাচনের আগে শেষ অন্তর্বর্তী বাজেট, কী চমক থাকছে রাজ্যবাসীর জন্য?

আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের সপ্তদশ বিধানসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে চলা তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট (Budget) পেশ হতে চলেছে । চলতি অধিবেশনেই পেশ হতে চলেছে ভোট অন অ্যাকাউন্ট বাজেট। দুপুর আড়াইটেয় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট পেশ করবেন। তার আগে বেলা সাড়ে বারোটায় বিধানসভায় ভাষণ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। ভাষণে রাজ্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিন রাজ্যপালের ভাষণ পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বাজেট পেশের সময়ও তিনি উপস্থিত থাকবেন বলেই খবর।

যদিও এটি ভোট অন অ্যাকাউন্ট বাজেট, তবু বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রত্যাশা তৈরি হয়েছে। সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক ‘সুখবর’ থাকতে পারে। পাশাপাশি বাংলার বাড়ি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক প্রকল্পে বড় ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু উন্নয়ন, কর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ—এই সব ক্ষেত্রেও বরাদ্দ বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে।

পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাজেট পেশের আগে দুপুর দেড়টায় মুখ্যমন্ত্রীর ঘরেই বসেছে ক্যাবিনেট বৈঠক । সেখানেই ভোট অন অ্যাকাউন্ট বাজেট অনুমোদিত হবে। এর পর শিল্পবিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সবশেষে দুপুর আড়াইটেয় বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তৃণমূল পরিষদীয় দল সূত্রে জানা গিয়েছে, অধিবেশন চলাকালীন দলের ২১৭ জন বিধায়ককেই প্রতিদিন অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী মুখ্যমন্ত্রী নিজে বিধায়কদের হাজিরা খাতা খতিয়ে দেখতে পারেন বলেও জল্পনা।

এদিকে অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষকে চিঠি দেন বিধানসভার পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সেই আলোচনায় সম্মতি দিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই বিধানসভায় এই বিষয়ে আলোচনা হবে না। রাজ্যপালের ভাষণ নিয়েই আলোচনা হবে বলে জানান তিনি।