Header AD

বামফ্রন্টের দ্বিতীয় দফায় ৩২ প্রার্থীর তালিকা প্রকাশ, চমকহীন ঘোষণায় নাম নেই সেলিম-শতরূপ-সৃজনদের

বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয় থেকে বামফ্রন্ট (Left Front)দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল। এই দফায় মোট ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তালিকায় তেমন কোনও চমক দেখা যায়নি। উল্লেখযোগ্যভাবে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং যুব নেতা শতরূপ ঘোষের নাম এই তালিকাতেও অন্তর্ভুক্ত হয়নি। নাম নেই সৃজন ভট্টাচার্যের।

এদিকে, এদিনের তালিকা ঘোষণা হতেই দেখা যায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম আসনটি সিপিএম তাদের শরিক দল সিপিআইয়ের জন্য ছেড়ে দিয়েছে। এই কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী হিসেবে লড়বেন শান্তি গিরি। তাঁর প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন শুভেন্দু অধিকারী এবং একদা শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী পবিত্র কর।

অন্যদিকে, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিএমের পরিচিত মুখ ও আইনজীবী শ্রীজীব বিশ্বাস। তিনি পূর্বেও একাধিকবার নির্বাচনে অংশ নিলেও প্রতিবারই পরাজিত হয়েছেন।

এই তালিকায় আরও একটি উল্লেখযোগ্য নাম বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে উঠে এসেছে। জল্পনা সত্যি করে যাদবপুরের গবেষক-ছাত্রী আফরিন বেগমকে প্রার্থী করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনে দলের প্রতিনিধিদলের সঙ্গে তাঁর উপস্থিতি নিয়েই আলোচনা শুরু হয়েছিল। সেই জল্পনাই এবার বাস্তবায়িত হল। বালিগঞ্জে আফরিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন তৃণমূলের প্রার্থী ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপির ড. শতরূপা।