Header AD

ভোটের বিরতির পর খুলতেই মদের দোকানে উপচে পড়া ভিড়, ফের বন্ধের কাউন্টডাউন শুরু

Liquor shop line

ভোটপর্বকে ঘিরে টানা তিনদিন বন্ধ থাকার পর শুক্রবার রাজ্যজুড়ে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বারগুলি পুনরায় খুলতেই দেখা গেল দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়। আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ভোটের (ElectioninBengal) ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ২১ এপ্রিল থেকে মদের বিক্রি বন্ধ রাখা হয়েছিল, যা কার্যকর ছিল ২৩ এপ্রিল পর্যন্ত।

প্রথম দফার ভোট মিটতেই ২৪ এপ্রিল সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই শহর থেকে জেলা—সব জায়গাতেই একই চিত্র সামনে আসে। অনেক জায়গায় দোকান খোলার আগেই ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়। এই দৃশ্য অনেকের কাছেই করোনাকালের লকডাউন-পরবর্তী সময়ের কথা মনে করিয়ে দিয়েছে, যখন দোকান খোলার পর একইভাবে ভিড় জমেছিল।

এবারের ভোটে ৪৮ ঘণ্টার পরিবর্তে প্রায় ৯৬ ঘণ্টা মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। শুধু ভোটগ্রহণকারী জেলাগুলিতেই নয়, গোটা রাজ্যজুড়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি কলকাতাতেও দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, এবং এ বিষয়ে আবগারি দপ্তরের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়।

অন্যদিকে জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের আগে আবার একই নিয়ম কার্যকর হবে। ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ফের রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ রাখা হবে। ফলে প্রথম ও দ্বিতীয় দফার মধ্যে মাত্র আড়াই দিনের জন্য দোকান খোলার সুযোগ মিলেছে। এই সীমিত সময়ের মধ্যেই ক্রেতা ও ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগাতে তৎপর, যা ভিড়ের ছবিতেই স্পষ্ট।