টলিউডে তীব্র বিতর্কের আবহে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোট হয়েছে শিল্পীমহল। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee death) অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আর্টিস্ট ফোরামের (Artists Forum) পক্ষ থেকে এই সংস্থাকে কার্যত বয়কটের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ভবিষ্যতে এই প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও শিল্পী বা কলাকুশলী কাজ করবেন না।
এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় দুই ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ এবং ‘চিরসখা’-র উপর। হঠাৎ করেই সিরিয়াল দুটির সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট অভিনেতা ও টেকনিশিয়ানরা।
এদিকে, ঘটনার প্রায় দশ দিন পেরিয়ে গেলেও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া না মেলায় উদ্বেগ বাড়ছে ইন্ডাস্ট্রিতে। এর মধ্যেই ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনেতা ভিভান ঘোষ (Vivan Ghosh) সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে নতুন বিতর্ক উস্কে দেন। তিনি প্রশ্ন তোলেন, “আমাদের কী দোষ ছিল?” পাশাপাশি লেখেন, “বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় জানাবেন? আজ থেকে ‘চিরসখা’র সবাই তো বেকার।”
এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। প্রযোজক রানা সরকার (Rana Sarkar) কটাক্ষ করে বলেন, “বেকার ভাতা চাওয়ার আগে অন্য প্রযোজনা সংস্থায় কাজ খোঁজো। ট্যালেন্ট থাকলে কাজ পাবে, না হলে বুঝবে এতদিন সুবিধা পেয়েছ।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই ভিভান ঘোষ ম্যাজিক মোমেন্টস ও লীনা গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন, যা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পরে তা মুছে ফেলেন তিনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—ম্যাজিক মোমেন্টসের সঙ্গে যুক্ত শিল্পীদের ভবিষ্যৎ কী হবে? তারা নতুন কাজ পাবেন কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।





