Header AD
Trending

AI দৌড়ে খরচ কমাতে বড় ছাঁটাই! বিশ্বজুড়ে Meta-LinkedIn-এ চাকরি সংকটে হাজার হাজার কর্মী

meta

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে কেন্দ্র করে প্রযুক্তি দুনিয়ায় প্রতিযোগিতা এখন চরমে। নতুন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের চাপ সামলাতে গিয়ে ফের বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের একাধিক প্রযুক্তি সংস্থা। এবার সেই তালিকায় রয়েছে Meta Platforms এবং LinkedIn।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, Meta বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে আর এক সংস্থা LinkedIn-ও।

ইতিমধ্যেই সিঙ্গাপুরে মেটার কর্মীদের কাছে ছাঁটাইয়ের নোটিশ পৌঁছতে শুরু করেছে। স্থানীয় সময় বুধবার ভোর থেকেই কর্মীরা এই নোটিফিকেশন পান। এশিয়ায় Meta-র অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় সিঙ্গাপুর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। খুব শিগগিরই আমেরিকা ও ইউরোপের কর্মীদের কাছেও নোটিশ পাঠানো হতে পারে।

সংস্থার ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অপারেশনস এবং সাপোর্ট-সহ একাধিক বিভাগে এই ছাঁটাই হচ্ছে। মূলত AI অবকাঠামো ও AI-নির্ভর পরিষেবায় আরও বেশি বিনিয়োগ করতে গিয়ে অন্যান্য খাতে খরচ কমানোর কৌশল নিয়েছে Meta। সংস্থাকে আরও দ্রুত ও কার্যকর করে তুলতেই এই পুনর্গঠন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, Meta-র পর একই পথে হাঁটছে LinkedIn-ও। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ৬০৬ জন কর্মীকে স্থায়ী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। আগামী ১৩ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। Worker Adjustment and Retraining Notification (WARN) ফাইলিং থেকেই এই তথ্য সামনে এসেছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্যালিফোর্নিয়ার Mountain View অফিসে, যেখানে ৩৫০-র বেশি কর্মী চাকরি হারিয়েছেন। এছাড়া সান ফ্রান্সিসকো, সানিভেল এবং কার্পিন্টেরিয়ার অফিসেও একাধিক কর্মী ছাঁটাইয়ের মুখে পড়েছেন।

সম্প্রতি LinkedIn-এর CEO ড্যানিয়েল শ্যাপেরো (Daniel Shapero) কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় ইঙ্গিত দেন যে, সংস্থাকে ভবিষ্যতের জন্য নতুনভাবে সাজাতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম ছোট ও কার্যকর টিম তৈরি করা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে প্রযুক্তিগত পরিকাঠামোয় আরও বিনিয়োগের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, LinkedIn-এর ব্যবসা এখনও বৃদ্ধি পাচ্ছে। Microsoft-এর আর্থিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে LinkedIn-এর আয় প্রায় ১২ শতাংশ বেড়েছে। তবুও AI-কেন্দ্রিক পুনর্গঠনের জন্য কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

শুধু LinkedIn নয়, Microsoft-ও সম্প্রতি কর্মীদের জন্য ‘buyout offer’ ঘোষণা করেছে। যার ফলে প্রায় ৮,৭৫০ কর্মী প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

AI-নির্ভর ভবিষ্যতের দিকে দ্রুত এগোতে গিয়ে প্রযুক্তি সংস্থাগুলি এখন খরচ কমানো এবং কাঠামোগত বদলের ওপর জোর দিচ্ছে। তবে এই পরিবর্তনের সবচেয়ে বড় চাপ পড়ছে কর্মীদের উপরই।যা আগামী দিনে কর্মসংস্থানে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।