Header AD

ভবানীপুরে ভোটার তালিকা বিতর্কে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে জরুরি বৈঠক তৃণমূলের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার কাজ প্রায় শেষের পথে। সেই খসড়া তালিকা প্রকাশের পরই চাঞ্চল্য ছড়িয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। জানা যাচ্ছে এই কেন্দ্রে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করতে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাসভবন-সংলগ্ন দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এই বৈঠকে ভবানীপুর বিধানসভা এলাকার সমস্ত কাউন্সিলর এবং বিএলএ-২ (Booth Level Agent-2) দের উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র। ২০২১ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়ে তিনি তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হন। ফলে এখানকার ভোটারদের নাম বাদ পড়ার বিষয়টি তাঁর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দলীয় সূত্রে খবর, যেসব ওয়ার্ডে তুলনামূলকভাবে বেশি সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, এদিনের বৈঠকে সেগুলি আলাদাভাবে চিহ্নিত করে কাউন্সিলরদের বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দিতে পারেন দলনেত্রী। পাশাপাশি, ভবানীপুরে উন্নয়নমূলক কাজের অগ্রগতিও খতিয়ে দেখতে পারেন তিনি।

জানা গেছে, সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এই বৈঠক শুরু হবে। প্রথম পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিতীয় পর্বে বিএলএ-২ দের সঙ্গে কথা বলবেন। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ ও কাউন্সিলর অসীম বসু এবং সন্দীপরঞ্জন বক্সির। এছাড়াও থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি ও ভবানীপুর এলাকার বাসিন্দা সুব্রত বক্সি।

এসআইআর ঘিরে রাজ্যজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভোটার তালিকার সংশোধন চলছে এবং ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা ‘আনম্যাপড’ দেখিয়ে বহু প্রকৃত ভোটারকে অযথা শুনানিতে ডাকা হচ্ছে।
এই ইস্যুতে অভিযোগ জানাতে আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। তার আগে ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ-২ দের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রীর এই বৈঠক যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য।