Header AD
Trending

মুকুল রায়-এর মৃত্যুতে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার আশ্বাস শুভ্রাংশুকে

প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক লড়াইয়ের সঙ্গীকে হারিয়ে তিনি নিজেকে বিচলিত ও মর্মাহত বলে জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণের সংবাদে আমি বিচলিত ও মর্মাহত। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।’

সমাজমাধ্যমে শোকবার্তায় মমতা মুকুল রায়ের সঙ্গে তাঁর বহু বছরের রাজনৈতিক পথচলার স্মৃতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তৃণমূল কংগ্রেসের সূচনালগ্ন থেকেই মুকুল রায় দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন এবং সংগঠন গড়ে তোলায় তাঁর অবদান অনস্বীকার্য। পরবর্তীতে রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি অন্য দলে যোগ দিলেও পরে আবার তৃণমূলে ফিরে আসেন। মমতা নিজের পোষ্টে লেখেন, ‘মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন।’বাংলার রাজনীতিতে তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে রাজনৈতিক মহলে তাঁর অভাব অনুভূত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের উদ্দেশে মমতার বার্তা, এই কঠিন সময়ে তিনি ও দল তাঁদের পাশে আছে। তাঁকে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বানও জানান তিনি।

জানা গিয়েছে, জীবনের শেষ কয়েক মাস কাঁচরাপাড়ার বাড়িতেই ছিলেন মুকুল রায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কোমায় চলে যান। রবিবার গভীর রাতে তাঁর প্রয়াণ ঘটে।