Header AD
Trending

মনে সাহস রাখার বার্তা দিয়ে ইংরেজিতে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

cm baishnabnagar

রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলানোর ফাঁকেই নিজের সৃজনশীল জগতে ডুবে থাকতে ভালোবাসতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কখনও কলম হাতে লেখালেখি, কখনও ক্যানভাসে ছবি আঁকা, আবার কখনও গান লেখা ও সুর তৈরি— এসবই তাঁর ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ।এবার রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তাঁর দল বসেছে বিরোধী আসনে। ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর ফল ঘোষণার পরদিন সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, এবার যেন অনেকটাই ‘মুক্ত বিহঙ্গ’। ভবিষ্যতে মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি, তবে নিজের পছন্দের সৃজনশীল কাজ থেকে সরে নয়।সেই ধারাবাহিকতাতেই ফের লেখনী হাতে তৃণমূল নেত্রী। দলের কর্মী-সমর্থকদের মনোবল জোগাতে ইংরেজিতে লিখেছেন নতুন কবিতা— ‘ব্রেভ’।

১৯ লাইনের এই কবিতায় উঠে এসেছে সাহস, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতার বার্তা।কবিতার প্রতিটি স্তবকে তিনি মনে করিয়ে দিয়েছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের মন ও কাজ। ভয়কে জয় করে এগিয়ে চলার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, কাপুরুষরা চিরকাল ভীতই থেকে যায়, অশুভ শক্তিরও স্থায়িত্ব নেই। তাই বাধা এলেও হাসিমুখে তা অতিক্রম করার সাহস রাখতে হবে।নিজের কবিতায় জীবন ও মৃত্যুর চিরন্তন সত্যও তুলে ধরেছেন তিনি। তাঁর বক্তব্য, মানুষ জন্মের সময় যেমন একা আসে, তেমনই মৃত্যুর সময়ও একাই চলে যায়। তাই অন্যের উপর নির্ভর না করে নিজের আত্মবিশ্বাস ও আত্মার শক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যচর্চা নিয়ে বরাবরই আলোচনা ও সমালোচনা দুই-ই রয়েছে। তাঁর লেখা দেড়শোরও বেশি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে একাধিক বই ‘বেস্ট সেলার’ হিসেবেও পরিচিতি পেয়েছে। কিছু বই পুরস্কৃতও হয়েছে। যদিও সাহিত্যমান নিয়ে বিতর্ক থামেনি কখনও। তবে সমালোচনাকে উপেক্ষা করেই নিজের সৃষ্টিশীল কাজ চালিয়ে গিয়েছেন তিনি। নির্বাচনের পর নতুন কবিতা প্রকাশ যেন সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল।