Header AD

নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লিতে মমতার বজ্রকণ্ঠ: বড় আন্দোলনের ইঙ্গিত তৃণমূল সুপ্রিমোর

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতের অভিযোগে সরব হয়ে দিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিতর্কিত SIR (Special Intensive Revision) প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছেন তিনি ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সেই বিরোধিতা আরও স্পষ্ট করে তুলেছেন মুখ্যমন্ত্রী।রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের কথিত আঁতাতের বিরুদ্ধে রাজধানীর মাটিতেই বড়সড় আন্দোলনের ঘোষণা করতে পারেন মমতা।সেই মর্মে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করবেন বলেও খবর। সেখানে এসআইআর-এ ক্ষতিগ্রস্তদের পরিজনদেরও উপস্থিত থাকার কথা জানা যাচ্ছে।

সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে যান মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের প্রতিনিধি দল। সেই বৈঠকে রহস্যময়ী সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনকে কার্যত ‘বয়কট’-এর কথা ঘোষণা করেন মমতা। তাঁর অভিযোগ, ‘উদ্ধত’ কমিশন বৈঠকে তাঁদের অপমান করেছে। তাঁর আরও অভিযোগ , বাংলায় অপরিকল্পিত চালানো SIR প্রক্রিয়ার জেরে রাজ্যে অন্তত ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের তিনি দিল্লিতে নিয়ে গিয়ে কমিশনের সামনে সরাসরি প্রশ্ন তোলেন—এই মৃত্যুর দায় কে নেবে?

মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে ছ’টি চিঠি পাঠালেও একটিরও জবাব দেওয়া হয়নি। বৈঠকে নিজেকে ‘অপমানিত’ বোধ করার কথা জানিয়ে কমিশনকে ‘মিথ্যেবাদী’ বলেও কড়া মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে বড় কোনও রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছনোর পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ, অমিত শাহের নির্দেশে বঙ্গভবনের বাইরে পুলিশি পাহারা বসানো হয়। এমন কি বঙ্গভবনের ঘরের ভিতর ঢুকে দিল্লি পুলিশ তল্লাশি চালিয়েছে বলেও অভিযোগ করা হয়। বিষয়টি জানতে পেরেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁর দৃঢ় অবস্থানের সামনে পিছু হটতে বাধ্য হয় রাজধানীর পুলিশ প্রশাসন।

আইনি পথে সুপ্রিম কোর্টে লড়াই, নাকি রাজপথে নেমে বৃহত্তর আন্দোলন—কোন পথে এগোবেন বাংলার মুখ্যমন্ত্রী, সেদিকেই এখন তাকিয়ে রাজ্য ও দেশের রাজনৈতিক মহল।