প্রবীণ কিংবদন্তি চিকিৎসক মণিকুমার ছেত্রী (Dr MoniKumar Chetri) আর নেই। রবিবার বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ১০৬ বছর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর প্রয়াণে চিকিৎসক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম।
১৯২০ সালের ২৩ মে দার্জিলিঙে জন্মগ্রহণ করেন মণিকুমার ছেত্রী। কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি MBBS ও MD ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে লন্ডন থেকে MRCP অর্জন করেন। তাঁর অসাধারণ মেধা, গভীর ক্লিনিক্যাল দক্ষতা এবং মানবিক মনোভাব তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ মর্যাদার আসনে পৌঁছে দিয়েছিলেন। এক সময় তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয় , তিনি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদও সামলেছিলেন। একই সঙ্গে SSKM হাসপাতাল-এর সার্জেন-সুপারিনটেনডেন্ট পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি IPGMIR-এ কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের প্রফেসর-ডিরেক্টর হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ১৯৭৪ সালে দেশের অন্যতম পুরস্কার পদ্মশ্রী-তে ভূষিত হন তিনি। চিকিৎসকমহলে তাঁর বিশেষ সুনাম ছিল। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে গড়ে উঠেছে বহু প্রতিষ্ঠান, সমৃদ্ধ হয়েছে চিকিৎসা পরিষেবা, আর উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ।
আমরি হাসপাতাল অগ্নিকাণ্ড-এর ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তিনি আমরি হাসপাতাল-এর ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। যদিও পরবর্তীতে আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেয়।





