সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার জেরে মণিপুরে (Unrest in Manipur) আবারও উত্তেজনা ছড়িয়েছে। চলতি মাসের শুরুতে এক BSF জওয়ানের বাড়িকে লক্ষ্য করে কুকি জঙ্গিদের রকেট হামলায় প্রাণ হারায় এক শিশু কন্যা ও ৫ বছরের এক বালক। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। সেই সঙ্গে পাঁচ দিনের বন্ধ ডাকা হয়েছে।
রবিবার মণিপুরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। রাজধানী ইম্ফলেও রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়, যেখানে বহু মহিলা অংশগ্রহণ করেন। তবে অভিযোগ উঠেছে, বিক্ষোভ দমন করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং বেশ কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়। প্রতিবাদকারীদের দাবি, এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং পার্বত্য অঞ্চলে সক্রিয় কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বনধের কারণে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাজার, স্কুল, সরকারি অফিসও বন্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলি চালু রাখা হয়েছে।
অন্যদিকে, মণিপুর পুলিশ জানিয়েছে যে বিক্ষোভের আড়ালে কিছু অসামাজিক কার্যকলাপ চলছে। তাঁদের দাবি, কিছু ব্যক্তি বিক্ষোভকারীদের উসকানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছে এবং পেট্রোল বোমা, পাথরসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করছে। এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বিষ্ণুপুর জেলার মোইরাং ট্রোংলাওবি এলাকায় গভীর রাতে এই রকেট হামলার ঘটনা ঘটে। সেই সময় বাড়ির সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ঘটনায় ৫ মাসের এক শিশুকন্যা ও ৫ বছরের এক বালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তাঁদের মা। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ক্ষুব্ধ জনতা নিকটবর্তী CRPF ক্যাম্পেও হামলা চালায়। এরপর থেকেই মণিপুরে পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে।





