মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই আক্ষরিক অর্থেই ‘অ্যাকশন মোডে’ প্রশাসন। ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রীর নামে থাকা বিপুল পরিমাণ বেনামি সম্পত্তির হদিশ মেলায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে ওই দম্পতির নামে থাকা জমি, ফ্ল্যাটসহ একাধিক স্থাবর সম্পত্তির অন্তত ৬০টি আসল দলিল উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা।
খতিয়ে দেখা হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে, এলাকার সাধারণ মানুষকে ‘চমকে-ধমকে’ বা ভয় দেখিয়ে এই সমস্ত কোটি কোটি টাকার সম্পত্তি জোরপূর্বক হাতানো হয়েছে কি না!তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, উদ্ধার হওয়া দলিলগুলির সত্যতা, সংশ্লিষ্ট সম্পত্তির ভৌগোলিক অবস্থান এবং বর্তমান বাজারমূল্য যাচাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে দেওয়া হয়েছে।
একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এই বিপুল সম্পত্তির আসল উৎস কী এবং কোন ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে এগুলি জাহাঙ্গির ও তাঁর স্ত্রীর নামে এল। প্রয়োজনে এই অবৈধ লেনদেনের পেছনে থাকা অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির যোগসূত্র রয়েছে কি না, তাও দেখা হবে।
উল্লেখ্য, এই ঘটনার পরেই ফলতা থানার পুলিশ জাহাঙ্গিরের স্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু করে চাপ আরও বাড়িয়েছে প্রশাসন। বর্তমানে উদ্ধার হওয়া এই ৬০টি দলিলকে মামলার মোক্ষম হাতিয়ার বা ‘গুরুত্বপূর্ণ সূত্র’ হিসেবে ধরে নিয়ে পরবর্তী বড়সড় আইনি পদক্ষেপের ব্লু-প্রিন্ট সাজাচ্ছেন তদন্তকারীরা।





