Header AD

মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কুলপিতে চাঞ্চল্য—তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতেই এই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। বিস্ফোরণের তীব্রতায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, গাড়িটি যে অ্যাসবেস্টসের শেডের নিচে রাখা ছিল, বিস্ফোরণের তীর্বতায় সেই ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়।

কুতুবউদ্দিন পাইক জানান, শুক্রবার রাত আনুমানিক ১টা নাগাদ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। প্রচণ্ড আওয়াজে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাঁকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, গাড়ি ও সংলগ্ন দোকান সম্পূর্ণভাবে তছনছ হয়ে গিয়েছে। তাঁর দাবি, গাড়িতে বোমা লাগানো হয়েছিল। এর আগেও তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় দোষীরা পরে ভুল স্বীকার করেছিল বলেও জানান তিনি।

এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে কুতুবউদ্দিন দাবি করেন, বিস্ফোরণের সঙ্গে আইএসএফ ও কংগ্রেসের লোকজন জড়িত থাকতে পারে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানান তিনি। ভোটের আগে এই ধরনের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তরজা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্ফোরণের কারণ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন, “যদি সত্যিই বিস্ফোরণ ঘটে থাকে, তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ যেমন অন্য দলের ক্ষেত্রেও ব্যবস্থা নেয়, এখানেও তেমনই আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।”