তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড! আর এর জেরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার (Nandakumar fire Incident) এলাকায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে আধা-সেনা মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে, সংশ্লিষ্ট গুদামটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার বাখরাবাদ এলাকায় একটি তেলের গুদামে আগুন লাগে। সোমবার সকালে হঠাৎই ওই গুদাম থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখা যায়। সেখানে বিপুল পরিমাণ কাটা তেল মজুত ছিল বলে জানা গিয়েছে, যার জেরে অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাস্তার ধারে অবস্থিত গুদামটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয়। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামলেও, ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট পরিশ্রম করতে হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আধা-সেনাও মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে ততক্ষণে গুদামটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার সঠিক কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট তেলের গুদামটি আদৌ বৈধ ছিল কি না এবং দমকলের প্রয়োজনীয় অনুমতি বা ছাড়পত্র ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





