Header AD

যান্ত্রিক ত্রুটি! মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি পণ্যবাহী বার্জ, উদ্ধার ১২, সাগরে দূষণের আশঙ্কা

মুড়িগঙ্গা নদীতে যান্ত্রিক গোলযোগের কারণে একটি বাংলাদেশি পণ্যবাহী বার্জ ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকায়। বুধবার বিকেলে কচুবেড়িয়া সংলগ্ন মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর দুর্ঘটনাটি ঘটে। জাহাজটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে ছাই নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল বলে প্রশাসন সূত্রে খবর। দুর্ঘটনাগ্রস্থ জাহাজটির নাম এমভি তামজীদ অ্যান্ড নাসির। মৎস্যজীবী ও পুলিশের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। জাহাজে থাকা ১২ জনকে উদ্ধার করেছে পুলিশ ও মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া সকলেই সুস্থ রয়েছেন। এদিকে এই ঘটনায় ফ্লাইং অ্যাশে সাগরে দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় এমভি তামজীদ নামের একটি জাহাজ। মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় আচমকাই নদীর একটি ডুবো চড়ায় ধাক্কা লাগে জাহাজটির। প্রবল সংঘর্ষে জাহাজের মাঝের অংশ ফেটে গিয়ে বড়সড় ছিদ্র তৈরি হয়। সেই ফাঁক দিয়ে দ্রুতগতিতে জল ঢুকতে শুরু করে এবং জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে। ভিতরে আটকে পড়েন বার্জে থাকা ১২ জন বাংলাদেশি। খবর তাঁর মধ্যে একজন ভারতীয় রয়েছেন।

জাহাজ ডুবতে দেখেই নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছাকাছি থাকা মৎস্যজীবীরা। পাশাপাশি খবর দেওয়া হয় সাগর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ বাহিনী। মৎস্যজীবী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় একে একে জাহাজে আটকে থাকা প্রত্যেককে নিরাপদে উদ্ধার করা হয়।

এই দুর্ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব ছিল কি না, নাকি কোনও যান্ত্রিক ত্রুটির ফলেই এই বিপত্তি—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।