Header AD

মেঘালয়ের অবৈধ কয়লাখনির বিস্ফোরণ: শ্রমিক মৃত্যুর দায়ে এনপিপি সরকারকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কু গ্রামে একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও বহু শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়লা তোলার সময় ডিনামাইট ব্যবহারের ফলেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।
এই মর্মান্তিক ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেঘালয়ের ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সরকারকে দায়ী করে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের এক্স (X) হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণে শ্রমিক মৃত্যুর ঘটনা প্রশাসনিক উদাসীনতারই নগ্ন প্রকাশ।’ তাঁর বক্তব্য, দারিদ্র্য ও শোষণের শিকার শ্রমিকরা বাধ্য হয়েই এই মৃত্যুফাঁদে পা দিচ্ছেন। রাজনৈতিক মদত, প্রশাসনের নীরবতা এবং দুর্নীতি ছাড়া অবৈধ খনন কার্যকলাপ চলতে পারে না বলেও তিনি দাবি করেন। এর নিন্দা করে তীব্র ভাষায় তিনি লেখেন, ‘রাজ্যের ক্ষমতাসীন এনপিপি সরকারের হাতেই শ্রমিকদের রক্ত লেগে রয়েছে।’

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই ঘটনার সঙ্গে যুক্ত সকলকে—খনি মালিক থেকে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের—চিহ্নিত করতে হবে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে দোষীদের বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

শোকাহত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রুখতে অবিলম্বে প্রশাসনিক জবাবদিহি এবং কঠোর পদক্ষেপ প্রয়োজন। প্রসঙ্গত, বর্তমানে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে।