Header AD

মাঘেই নামবে পারদ! বিদায়ের আগে চমক দেবে শীত, বলছে হাওয়া অফিস

মাঘ মাস চললেও শীতের আমেজ এখন অনেকটাই ফিকে। তবে বিদায়ের আগে ফের চমক দেখাতে পারে শীত, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় শীতের পারদ আরও একবার নামবে ১৪ ডিগ্রির ঘরে। উত্তুরে হাওয়ায় দাপটের জেরেই এই বদল। সপ্তাহ শেষে দুই থেকে তিন ডিগ্রি পারদ নামার সম্ভবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণের প্রায় সব জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। মহানগরে সকালে ও রাতে শীত অনুভব হবে। হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহান্তে ১৪ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ। তবে আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী সাতদিন হাওয়া থাকবে শুষ্ক। আজ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। পারা পতনের পাশাপাশি সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে। তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

অন্যদিকে আজ, বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। তিন জেলার কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে। অন্যান্য জেলাগুলিতে বেশ কিছু এলাকায় হালকা-মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে এবং দক্ষিণবঙ্গের জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।