Header AD

রমজানে ঐক্যের বার্তা, নজরুলের গানে সম্প্রীতির আহ্বান মুখ্যমন্ত্রীর

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন তিনি। সেই পোস্টে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় পংক্তি— “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান” —উদ্ধৃত করে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। বার্তায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলার মাটি চিরকালই ঐক্য ও মানবতার শিক্ষা দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সাহিত্য-সৃষ্টিতে যে বিশ্বজনীনতা ও মিলনের বাণী পাওয়া যায়, তা আজও সমান প্রাসঙ্গিক। সেই ধারাকেই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দ এগিয়ে নিয়ে গিয়েছেন বলে তিনি মনে করেন।

প্রতিবছরের মতো এ বছরও রমজান মাসে বিভিন্ন ইফতার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতা পুরসভার আয়োজিত দাওয়াত-এ-ইফতারে উপস্থিত ছিলেন তিনি। সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে একত্রে বসে প্রার্থনায় অংশগ্রহণ করেন। শুক্রবার সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে তিনি রমজানের তাৎপর্য আরও একবার স্মরণ করিয়ে দেন।

পোস্টে তিনি লেখেন, রমজান আত্মসংযম, মানবতা ও পারস্পরিক বন্ধন মজবুত করার সময়। সমবেত প্রার্থনা ও মিলনমেলার মধ্য দিয়ে এই মাস আমাদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেয়। বাংলার প্রকৃত পরিচয় তার সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য। এই বিশ্বাসই তিনি আবারও ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই বাংলার শক্তি। রমজানের এই পবিত্র সময় সেই বন্ধনকে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ সুযোগ।