Header AD
Trending

পরীক্ষা ছাড়া নিয়োগের ভুয়ো বিজ্ঞাপন, সতর্ক করল মেট্রো কর্তৃপক্ষ

yellow metro

কোনও লিখিত পরীক্ষা ছাড়াই কলকাতা মেট্রোতে (Kolkata Metro Rail) চাকরির সুযোগ! এমনই একটি বিজ্ঞাপন সম্প্রতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা বা স্নাতক পাশ হলেই মিলবে মেট্রো রেলে চাকরি। তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কোনও নিয়োগ বিজ্ঞপ্তি তারা জারি করেনি। ফলে এই ভুয়ো প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।

কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২৭ এপ্রিল থেকে ‘কলকাতা মেট্রো মেগা নিয়োগ ২০২৬’ নামে একটি ভুয়ো বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই প্রচারে দাবি করা হচ্ছে, কোনও পরীক্ষা ছাড়াই বিভিন্ন পদে ব্যাপক নিয়োগ করা হবে। তবে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এ ধরনের কোনও নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি। তাঁদের মতে, চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করা বা অসৎ উদ্দেশ্যে এই ভুয়ো প্রচার চালানো হচ্ছে।

ভুয়ো বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করার পাশাপাশি চাকরিপ্রার্থীদের সাবধান থাকার বার্তাও দিয়েছে কলকাতা মেট্রো। এই ধরনের পোস্টে থাকা কোনও লিঙ্কে ক্লিক না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া চাকরির প্রলোভনে কোনওভাবেই টাকা লেনদেন না করা, কিংবা ওটিপি বা পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে, এ ধরনের প্রতারণার মুখোমুখি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানানোর কথাও বলা হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরিকদেরকে এই ধরনের যেকোনো “লিঙ্কে” ক্লিক করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে, যা কেবল আপনাদের কষ্টার্জিত অর্থ ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেবে। কেউ চাইলেও কখনও কোনো ওটিপি/পাসওয়ার্ড শেয়ার করবেন না। এই বিষয়ে অবিলম্বে পুলিশ কর্তৃপক্ষকে জানানোর জন্যও অনুরোধ করা হচ্ছে। নিয়োগের জন্য মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার কথা বলা হয়েছে।