সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই সাত সকালে বিঘ্নিত মেট্রো পরিষেবা। মেট্রোর রেক বিভ্রাটের জেরে প্রায় এক ঘণ্টা বিদ্যুৎবিহীনভাবে মেট্রোর মধ্যে আটকে পড়েন যাত্রীরা। চরম ভোগান্তির শিকার হন তাঁরা।
সোমবার সকাল ৮টা নাগাদ কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি রেক। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় মেট্রোর ভিতরের এয়ার কন্ডিশনিং ব্যবস্থাও। সেইভাবেই দুই স্টেশনের মাঝের অংশে ৮.৫৪ মিনিট পর্যন্ত আটকে থাকেন যাত্রীরা। কর্তৃপক্ষের দাবি, কোনও কারণে মেট্রোর রেকটি বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেয়। যে কারণে রেকটিকে ঠেলে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে পড়ে। পরে শুধুমাত্র ‘দুঃখিত’ বলেই দায় এড়ায় মেট্রো কর্তৃপক্ষ।
এই বিভ্রাটের পরে কবি নজরুল স্টেশনে খারাপ হয়ে যাওয়া মেট্রোটিকে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে মহানায়ক উত্তরকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্তই জারি রয়েছে মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে না। যদিও টিকিট কাটা যাচ্ছে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। তার ফলে টিকিট কেটে পরিষেবা না পেয়ে আরও নাকাল হচ্ছেন যাত্রীরা।





