Header AD

ফের ভোগান্তি মেট্রোয়, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কে আংশিকভাবে ব্যাহত পরিষেবা

সপ্তাহ শেষে ফের মেট্রোয় দুর্ভোগ। গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত আংশিকভাবে ব্যাহত হল পরিষেবা। বেশিরভাগ মেট্রোই চলছিল ধীরগতিতে। ফলে চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা।
মেট্রো রেল সূত্রে খবর, শনিবার বেলার দিকে দমদম স্টেশনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেয় । দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ব্যাহত হয় পরিষেবা । অপরদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবাও ব্যাহত হয় । একের পর এক স্টেশনে অনেকক্ষণ দাড়িয়ে থাকে ট্রেন। স্বাভাবিকভাবেই গন্তব্যস্থলে পৌঁছতে অনেক বেশি সময় লেগে যায় নিত্যযাত্রীদের। এদিনের ঘটনাকে কেন্দ্র করে বেশ ক্ষুব্ধ আমজনতা। তাঁদের অভিযোগ, একে তো মেট্রো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ছে। তার উপর আবার মেট্রো স্টেশনগুলিতে ঘোষণাও স্পষ্ট নয়। মেট্রোর চালকও কোনও জবাব দিতে পারছেন না।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কাজের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধ রাখা হয়েছে । বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো। এরই মাঝে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, বেশ কিছু মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাবে। ২৭২টির মধ্যে ৩২টি ট্রেন কবি সুভাষ স্ট্রেশন অবধি যাবে না। সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) নিয়ে নিত্যযাত্রীদের ক্ষোভ বাড়ছে। সময়মতো স্টেশনে মেট্রো না পৌঁছনো, দরজা বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো সমস্যা তো আছেই । তার সঙ্গে অন্যান্য নানা কারণে নিত্যদিন ব্যাহত হচ্ছে পরিষেবা। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।