Header AD

জীবিকার খোঁজে ভিনরাজ্য, ফিরল নিথর দেহ! তামিলনাড়ুতে দুর্ঘটনায় মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

সংসারের অভাব ঘোচাতে ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরও এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম সমীরুল হক। তাঁর বাড়ি মুর্শিদাবাদের লালগোলা ব্লকের খলিফাবাদ গ্রামে। তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করার সময় ১১ হাজার ভোল্টের হাই-ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় তাঁর।

জানা যায়, তামিলনাড়ুর একটি নির্মীয়মাণ স্থানে কাজ চলাকালীন মাথার উপর দিয়ে গিয়েছিল উচ্চক্ষমতার বিদ্যুতের লাইন। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ করতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীরুলের।

দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরে তাঁর মৃতদেহ গ্রামে আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও পরিজনেরা। সমীরুলই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার চলত চরম কষ্টের মধ্যে। তার উপর ছিল ঋণের বোঝা। বেশি রোজগারের আশাতেই ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি—স্বপ্ন ছিল পরিবারের দারিদ্র দূর করার।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। এখন পরিবারের সামনে একরাশ অনিশ্চয়তা। কীভাবে সংসার চলবে, কীভাবে ঋণ শোধ হবে—এই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের সদস্যদের।

স্বামীর মৃত্যুতে ভেঙে পড়া স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, “সরকার যদি এখনই আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে এই পরিবারটা বাঁচবে না। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।” এই ঘটনায় শোকস্তব্ধ গোটা খলিফাবাদ গ্রাম।