সংসারের অভাব ঘোচাতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন বীরভূমের এক যুবক। কয়েক মাসের পরিশ্রমের রোজগার নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু শেষমেশ আর ফেরা হল না। রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৬ বছরের সুকল টুডু। তাঁর বাড়ি বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত সুবলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সংসারে টানাপোড়েন চলছিল। সেই কারণেই প্রায় ছ’মাস আগে কাজের সন্ধানে রাজস্থান যান তিনি। সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
কয়েক মাসে কিছু টাকা জমানোর পর দিন কয়েকের জন্য বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন সুকল। রবিবার রাত আটটা নাগাদ কাজ সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে দুঃসংবাদ পৌঁছয় গ্রামে।
পরিবারের সদস্যদের দাবি, সোমবারই টাকা-পয়সা নিয়ে রাজস্থান থেকে রওনা দেওয়ার কথা ছিল সুকলের। ফোনে সে কথাও জানিয়েছিলেন তিনি। হঠাৎ এই খবরে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ বীরভূমে আনার প্রক্রিয়া চলছে।
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল। দুর্ঘটনা হোক বা হেনস্তা, প্রতিবারই ক্ষতির মুখে পড়ছে শ্রমজীবী পরিবারগুলি।





