Header AD

কাজের প্রলোভনে নাবালিকা পাচার, বিহার থেকে উদ্ধার করল টালিগঞ্জ থানার পুলিশ

আরও একবার মানবপাচারের অন্ধকার জগত থেকে এক নাবালিকাকে উদ্ধার করল কলকাতা পুলিশ। মায়ের অভিযোগের ভিত্তিতে টালিগঞ্জ থানার পুলিশ বিহার থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেছে। অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে জোর করে একটি নাচের দলে কাজ করানো হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার টালিগঞ্জ থানায় এক মহিলা অভিযোগ জানান যে তাঁর নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগে তিনি বলেন, এক মহিলা কাজের লোভ দেখিয়ে মেয়েটিকে বিহারে নিয়ে গিয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ।

যে মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ ফোন সুইচ অফ ছিল। তবে হোয়াটসঅ্যাপ চালু থাকায় সেখান থেকে লোকেশন ট্র্যাক করে পুলিশ। লোকেশন সূত্রে বিহারের মতিহারীর ঠিকানা পাওয়া যায়। এরপরই টালিগঞ্জ থানার একটি দল বিহারের উদ্দেশে রওনা দেয় এবং আরও তথ্য সংগ্রহের জন্য আসানসোলে আর একটি দল পাঠানো হয়।

শুক্রবার সকালে পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালায়। শেষ পর্যন্ত ইস্ট চম্পারণ জেলার চিরাইয়া এলাকা থেকে ওই নাবালিকা-সহ আরও কয়েকজন কিশোরীকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ‘নিউ নিশা অর্কেস্ট্রা গ্রুপ’ নামে একটি নাচের দলের মাধ্যমে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

ঘটনায় অভিযুক্ত ওই মহিলাকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।