দীর্ঘ অনিশ্চয়তা ও নানা জটিলতার পর শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। তবে লিগ শুরুর মাঝেই আর্থিক ইস্যু নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) অভিযোগ করেছে, মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun Bagan)এবং কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) এখনও নির্ধারিত অংশগ্রহণ ফি জমা দেয়নি।
ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আইএসএলে অংশ নিতে প্রতিটি ক্লাবকে মোট ৮০ লাখ টাকা দিতে হবে, যা তিনটি কিস্তিতে জমা করার কথা। প্রথম কিস্তি হিসেবে ৫ মার্চের মধ্যে ৩০ লাখ টাকা এবং দ্বিতীয় কিস্তি ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে আরও ৩০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। বাকি ২০ লাখ টাকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে আগামী ১ মে।
এআইএফএফ-এর দাবি, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স প্রথম কিস্তির টাকা এখনও জমা দেয়নি। এই কারণে দুই ক্লাবকে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে প্রতিদিন ১ লাখ টাকা করে জরিমানা ধার্য করার কথাও জানানো হয়েছে।
শুধু জরিমানাই নয়, পরিস্থিতি আরও জটিল হলে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে আইএসএল থেকে বাদ দেওয়ার কথাও জানিয়েছে ফেডারেশন। যদিও পরবর্তীতে দুই ক্লাবকে কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বকেয়া মেটানোর জন্য।
এআইএফএফ স্পষ্ট করে জানিয়েছে, নতুন সময়সীমার মধ্যেও যদি অর্থ জমা না পড়ে, তাহলে আগামী মরসুমের আইএসএল থেকে ওই ক্লাবগুলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।





