রাজ্যের যুবকদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্পের। অবশেষে সেই ঘোষণাই বাস্তবের পথে। শনিবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথীর টাকা। আজ, শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘১ এপ্রিল নয়, ৭ ই মার্চ থেকেই শুরু যুবসাথী। আন্তর্জাতিক নারী দিবসে উপহার হিসেবে আজ থেকে টাকা ঢুকবে।’ এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের বেকার যুবসমাজে। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বহু তরুণ-তরুণীর কাছে এই টাকা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।
রাজ্য বাজেটে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পের আওতায় আবেদনকারীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা জানানো হয়। তবে এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। জানানো হয়, ২১ থেকে ৪০ বছর বয়সি শিক্ষিত বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় থাকবেন না। প্রথমে সরকার জানায়, চলতি বছরের এপ্রিল মাস থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কিন্তু এসআইআরের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিনের মঞ্চ থেকেই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রবিবার আবারও পথে নামবেন তিনি। মহিলাদের কালো শাড়ি পরে হাতা-খুন্তি হাতে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার আর্জিও জানান তিনি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আবহে ১৪.২ কেজির গৃহস্থালি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। ফলে ৮৭৯ টাকার সিলিন্ডার এখন কিনতে হবে ৯৩৯ টাকায়। নতুন এই দাম শনিবার থেকেই কার্যকর হয়েছে। পাশাপাশি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, একটি সিলিন্ডার পাওয়ার ২১ দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না। বর্তমানে যেখানে ১৫ দিনের ব্যবধান ছিল, সেখানে সময়সীমা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মতলার ধরনা মঞ্চ থেকে সরব হন মুখ্যমন্ত্রী।




