মায়ের সঙ্গে জামাকাপড় তুলতে চারতলার ছাদে উঠেছিল তিন বছরের প্রীতম। ছেলের নিরাপত্তার কথা ভেবে মা তাকে দ্রুত নীচে নেমে যেতে বলেন। কিন্তু সেই নামতে যাওয়াই যে ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। এন্টালির একটি নির্মীয়মাণ বহুতলের লিফটের গর্তে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ওই খুদের।
ঘটনাটি ঘটেছে এন্টালির কনভেন্ট রোডের ৪/৫১ নম্বর বাড়ির কাছে একটি নির্মীয়মাণ বহুতলে। প্রীতমের বাবা রাজকুমার রাজবংশী বুধবার রাতে এন্টালি থানায় ছেলের নিখোঁজ ডায়েরি দায়ের করেন। তিনি জানান, বিকেলের পর থেকে ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার আগে মা কাজল কুমারীর সঙ্গে চারতলার ছাদে ছিল প্রীতম। মা জামাকাপড় তুলতে ব্যস্ত থাকাকালীন ছেলেকে নীচে নেমে যেতে বলেন। কিন্তু পরে নীচে নেমে এসে আর কোথাও প্রীতমকে দেখতে পাননি।
নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করে। নির্মীয়মাণ বহুতলের চারপাশে খোঁজাখুঁজির পর লিফট বসানোর জন্য তৈরি ফাঁকা গর্তের কাছ থেকে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি দিয়ে নামার সময়েই প্রীতম ভুল করে লিফটের গর্তের দিকে চলে যায় এবং সেখানে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় সন্তানহারা মা-বাবা শোকে ভেঙে পড়েছেন। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।





