নদিয়ায় দলীয় বৈঠকে গিয়ে তীব্র অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর এবং গোবর ছোড়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে নামাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত তৃণমূল কার্যালয়ের ঘটনা।বুধবার দুপুরে কালীগঞ্জের দলীয় কার্যালয়ে তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী নিয়ে বৈঠকে যোগ দিতে যান মহুয়া ।
অভিযোগ, তিনি গাড়ি থেকে নেমে কার্যালয়ে ঢোকার সময়ই বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে কালো পতাকা দেখান। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ‘কে আছিস, সামনে আয়’ বলতে বলতে কার্যালয়ের ভেতরে ঢুকে যান সাংসদ। এর পরেই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি সমর্থকরা। কার্যালয়ের দোতলা থেকে ফেসবুক লাইভ শুরু করেন তৃণমূল সাংসদ।
তাঁর অভিযোগ, বিজেপি নেতা-কর্মীরা এই তাণ্ডব চালালেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মহুয়ার ফেসবুক ভিডিওতে দেখা যায়, দোতলার জানলা লক্ষ্য করে ক্রমাগত ডিম, পাথর ও গোবর ছোড়া হচ্ছে। ডিমের আঘাত থেকে রক্ষা পাননি স্বয়ং সাংসদও।
ঘটনার খবর পেয়ে প্রাথমিক ভাবে কালীগঞ্জ থানার চারজন পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছলেও তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। তৃণমূল কার্যালয়ের ভেতরে কার্যত ‘বন্দি’ হয়ে পড়েন সাংসদ। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। অন্যদিকে, তৃণমূলের মহিলা কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে পাল্টা স্লোগান দিতে শুরু করেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এলাকা থমথমে ভাব থাকলেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।





