রাত পোহালেই ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাক (IndvsPakt20worldcup2026) মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকেই বিশ্বকাপে ভারতের আসল পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দু’টি ম্যাচে জয় এলেও চোট, ফর্ম আর কম্বিনেশন সবমিলিয়ে এখনও স্থায়ী একাদশ ঠিক করতে পারেনি টিম ইন্ডিয়া। সেই কারণেই মহারণের আগে একাধিক পরিবর্তনের পথে হাঁটছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। পেটের সংক্রমণ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ওপেনার। টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছিলেন, এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। সেই ম্যাচে সুযোগ পেয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) ঝোড়ো ইনিংস খেলেন- ৮ বলে ২২ রান। কিন্তু সেই ইনিংস বড় করতে পারেননি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলবেন কি না, তা নির্ভর করছে আজ শনিবার সন্ধ্যার ফিটনেস টেস্টের ওপর। এই পরীক্ষার ফলাফলের পরেই টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পেটে সংক্রমণের কারণে আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিষেককে। অসুস্থতার জেরে তাঁর প্রায় ২ কেজি ওজন কমে যায়। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের ফেরা প্রায় নিশ্চিত বলেই ইঙ্গিত মিলছে, যা হলে ভারতের ব্যাটিং শক্তি আরও বাড়বে।
১৩ ফেব্রুয়ারি রাতে গোটা ভারতীয় দলের সঙ্গেই কলম্বো পৌঁছেছেন অভিষেক। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় এখানকার আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ পাকিস্তান-এর বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। এই হাইভোল্টেজ ম্যাচে অভিষেকের উপস্থিতি নিয়ে আগ্রহ তুঙ্গে। শনিবার সন্ধ্যায় নেট সেশনে অভিষেক আদৌ ব্যাটিং অনুশীলনে নামেন কি না এবং কতক্ষণ অনুশীলন করেন, সেটাই হবে মূল দেখার বিষয়। পাকিস্তান ম্যাচের আগে অভিষেকের বাবা-মাও কলম্বোয় পৌঁছেছেন। সব মিলিয়ে তাঁর খেলার সম্ভাবনা ঘিরে আশাবাদী ভারতীয় সমর্থকরা। এখন নজর সন্ধ্যার ফিটনেস টেস্টে—সেখানেই মিলবে সব প্রশ্নের উত্তর।
পরিবর্তন শুধু ব্যাটিংয়েই নয়, বোলিং কম্বিনেশনেও। কলম্বোর স্লো ও স্পিন-সহায়ক পিচে পাকিস্তান একাধিক স্পিনার নিয়ে নামছে এবং সুফলও পাচ্ছে। ভারতের দলে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল আছেনই, সঙ্গে পার্টটাইম স্পিনার হিসেবে কাজ চালাতে পারেন তিলক বর্মা। স্পিনার হিসেবে হাত ঘোরাতে পারেন অভিষেকও। তবে কলম্বোর স্পিন সহায়ক উইকেটের ফায়দা তুলতে স্পিন আক্রমণকে আরও ধারালো করতে একাদশে রদবদলের কথা ভাবছেন গুরু গম্ভীর।
ফর্মের অভাবে রিঙ্কু সিং জায়গা হারাতে পারেন। দুটো ম্যাচেই কার্যত ব্যার্থ তিনি। তাঁর বদলে দলে ঢোকার পথে ওয়াশিংটন সুন্দর। পাঁজরের চোটের কারণে বিশ্বকাপের আগে ও প্রথম দু’টি ম্যাচে খেলতে না পারলেও, পাক-ম্যাচে তাঁকে একাদশে দেখা যেতে পারে। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হতে পারে পেসার অর্শদীপ সিং-কে বসিয়ে অতিরিক্ত স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে খেলানো। যদিও কুলদীপের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। একসঙ্গে তিনটি পরিবর্তন করলে দলের ভারসাম্য নষ্ট হবে কি না—সেই প্রশ্নও উঠছে।
সব মিলিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে বড়সড় পরীক্ষানিরীক্ষা দেখা যেতে চলেছে। গম্ভীর ঝুঁকি নেবেন কি না, তার উত্তর মিলবে মাঠেই।





