Header AD
Trending

চিকিৎসক দিবসে একাধিক স্বাস্থ্য উদ্যোগ! বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নাম, চালু হল ‘জননী’ পোর্টাল

suvendu cutmoney

চিকিৎসক দিবসে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে ‘ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল’ রাখা হয়েছে। একই অনুষ্ঠানে মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর করতে ‘জননী’ পোর্টাল চালুর কথা ঘোষণা করা হয়।

এদিন স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ভবনে একটি আধুনিক কন্ট্রোল রুমেরও উদ্বোধন করা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের পরিষেবা ও কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা-র আনুষ্ঠানিক সূচনাও করা হয়েছে। এছাড়া নদিয়া জেলায় নতুন ড্রাগ কন্ট্রোল অফিস এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্র্যাকি থেরাপি পরিষেবার উদ্বোধন করা হয়।নবজাতক ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা সহজ ও সময়োপযোগী করতে চালু হওয়া ‘জননী’ পোর্টাল-এর মাধ্যমে সরকারি হাসপাতালগুলিতে রোগীদের তথ্য সংরক্ষণ, পরিষেবা সমন্বয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে প্রশাসনের দাবি। একইসঙ্গে স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল করতে ২০০টি নতুন অ্যাম্বুল্যান্স পরিষেবারও উদ্বোধন করা হয়েছে।

এদিন কেন্দ্রীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি ‘নি-ক্ষয়মিত্র’-এ বিশেষ অবদানের জন্য কয়েকজন জনপ্রতিনিধির হাতে সম্মানসূচক সার্টিফিকেট তুলে দেওয়া হয়।স্বাস্থ্য দফতর জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নতুন ‘স্বাস্থ্য ভারত’ পোর্টালের সঙ্গে ধাপে ধাপে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প যুক্ত করা হচ্ছে। এই অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে জননী, এনসিডি, ইউ-উইন, নি-ক্ষয়, এসটিডি এবং প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রাম-সহ একাধিক প্রকল্পের তথ্য এক জায়গায় সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে রাজ্য ও দেশের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও পরিষেবা আরও সহজে পরিচালনা করা সম্ভব হবে।