ঐতিহ্যবাহী গ্র্যান্ড হোটেলের সংস্কারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হোটেলের সামনের হকাররা। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ সংস্কারের প্রস্তুতি চললেও হকারদের উপস্থিতির কারণে সামনের অংশে কাজ শুরু করা যাচ্ছে না। এই সমস্যা নিয়ে বৃহস্পতিবার কলকাতা পুরসভায় হাজির হন হোটেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগেই হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল—হকারদের বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা না করলে সংস্কারের অনুমতি দেওয়া হবে না। কিন্তু এখনও পর্যন্ত হকাররা হোটেলের সামনে থেকেই যাচ্ছেন না। ফলে কাজ এগনো কঠিন হয়ে পড়েছে। এদিকে পুরসভার একাংশের পরামর্শ, ধাপে ধাপে বা কলমভিত্তিক পরিকল্পনায় কাজ শুরু করলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতে পারে। এতে এক এক করে হকারদের সরানো সহজ হবে বলে মনে করছেন আধিকারিকেরা।
অন্যদিকে, হকার সংগঠনগুলিও সংস্কারকাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে। জয়েন্ট হকার অ্যাকশন কমিটির নেতা অসিত সাহা জানান, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তাঁর কথায়, গ্র্যান্ড হোটেল কলকাতার ঐতিহ্যের অংশ, তাই সেই ঐতিহ্য রক্ষায় সহযোগিতা করাই সকলের দায়িত্ব।





