Header AD

মুম্বইয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, রেল লাইনের ধার থেকে দেহ উদ্ধার

ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। দেহ উদ্ধার করা হল মুম্বইয়ের রেল লাইনের ধার থেকে। মৃতের নাম মোস্তাফা মিস্ত্রি। তাঁর দেহে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে বলে খবর। পরিবারের দাবি, কেউ বা কারা তাঁকে পিটিয়ে খুন করেছে। কেবল তাই নয়, বাংলায় কথা বলার জন্যেই এই ঘটনা ঘটেছে বলে দাবি মৃতের পরিবারের। মঙ্গলবার সন্দেশখালির বাড়িতে পৌঁছয় ওই মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ। স্বাভাবিকভাবেই ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। খবর পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও গিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

মৃত মোস্তফা মিস্ত্রি বসিরহাটের সন্দেশখালি থানার দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত ছয়মাস আগেই মুম্বইতে তিনি কাজে গিয়েছিলেন। তবে বিগত ১০ দিন ধরে পরিবারের কোনও সদস্য ‌মোস্তাফার সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না। চিন্তায়-উদ্বেগে এই নিয়ে দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ এর মাঝেই ছেলের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। পরিবারের সূত্রে জানা যায়,মুম্বইয়ের রেললাইনের পাশ থেকে মোস্তাফা মিস্ত্রির ক্ষতবিক্ষত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলার জন্যেই খুন করা হয়েছে মোস্তাফাকে। এই ‌ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ‌কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক জানিয়েছেন, ”এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা ওই পরিবারের পাশে সব সময় থাকার চেষ্টা করব।”