Header AD
Trending

ব্লু লাইনে নতুন উদ্যোগ! বিদ্যুৎ গেলেও টানেলে আর আটকে পড়বে না মেট্রো

বিদ্যুৎ বিভ্রাট হলেই টানেলের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রেন, দমবন্ধ করা আতঙ্ক—এই অভিজ্ঞতা এবার অতীত হতে চলেছে! কলকাতা মেট্রো (Kolkata Metro)-র ব্লু লাইনে চালু হল অত্যাধুনিক ব্যাটারি ব্যাক-আপ ব্যবস্থা, যা বিদ্যুৎ চলে গেলেও মেট্রোকে নিরাপদে পরবর্তী স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে পারবে।বুধবার সেন্ট্রাল মেট্রো স্টেশন (Central Metro Station)-এ এই ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’-এর উদ্বোধন করেন মেট্রোর জেনারেল ম্যানেজার এস. এস. মিশ্র ও অন্যান্য আধিকারিকরা। এই প্রকল্প বাস্তবায়ন করেছে  ডেলটা ইলেকট্রনিক্স ইন্ডিয়া (Delta Electronics India)।

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা?·       

মূল লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই ব্যাটারি সঙ্গে সঙ্গে সক্রিয় হবে। 

টানেলে আটকে পড়া ট্রেনকে প্রায় ৫৫ কিমি গতিতে পরবর্তী স্টেশনে নিয়ে যাওয়া সম্ভব হবে।

শুধু ট্রেন চালানোই নয়, টানেলের ভেন্টিলেশন ও পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সচল থাকবে এই ব্যবস্থায়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সিস্টেমে ৬.৪ মেগাওয়াট-আওয়ার ক্ষমতার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর আয়ু প্রায় ১৪ বছর। আগের ডিজেল জেনারেটরের তুলনায় এটি অনেক বেশি পরিবেশবান্ধব এবং দূষণও কম। পাশাপাশি বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণ ও খরচ কমাতেও সাহায্য করবে।

বর্তমানে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) পর্যন্ত যাত্রাপথে এই পরিষেবা চালু হয়েছে। উল্লেখ্য, কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই ব্লু লাইনে মেট্রো চলাচল করছে।

প্রসঙ্গত, এই ব্লু লাইন নিয়েই  যাত্রীদের অসন্তোষ চরমে—নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ট্রেন আসা, দরজা ঠিকমতো বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে অযথা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সহ একাধিক অভিযোগ রয়েছে। নয়া রুট চালুর পর থেকে ব্লু লাইন যেন ‘দুয়োরানি’—এমন অভিযোগও উঠেছে যাত্রীদের তরফে।

তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই আধুনিক ব্যাটারি ব্যবস্থা যাত্রী নিরাপত্তা বাড়াবে এবং পরিষেবাকে আরও নির্ভরযোগ্য করে তুলবে। এখন দেখার, বাস্তবে এই প্রযুক্তি কতটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে ব্লু লাইনের নিত্যযাত্রীদের জীবনে।