রাজ্য সরকারি পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা (DA) প্রদান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় মেনে ইতিমধ্যেই একাংশের বকেয়া মিটিয়েছে রাজ্য সরকার (West Bengal Govt)। এবার অবশিষ্ট অর্থ প্রদান নিয়েও স্পষ্ট ঘোষণা করল নবান্ন (Nabanna)।
বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পেনশনভোগীদের বকেয়া ডিএ ও এরিয়ার ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। বিশেষ করে ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের প্রাপ্য অর্থ শীঘ্রই প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পারিবারিক পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কোনও সরকারি কর্মী প্রয়াত হলে তাঁর মনোনীত ব্যক্তি বা পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা জমা পড়বে। পুরসভা ট্রেজারি বা ব্যাঙ্কের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বকেয়া অর্থ ১৮০ দিনের মধ্যে, অর্থাৎ প্রায় ছয় মাসের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চের মধ্যেই ২০১৬ থেকে ২০১৯ সালের চার বছরের বকেয়া ডিএ সরকারি কর্মীদের প্রদান করেছে রাজ্য সরকার। এরপর বিভিন্ন সরকারি ও সরকার-পোষিত প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এই বিষয়ে অর্থদপ্তরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে একাধিক দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের সংখ্যা এবং তাঁদের প্রাপ্য ডিএ ও ডিআর সংক্রান্ত তথ্য দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। নতুন এই সিদ্ধান্তে রাজ্যের বহু পেনশনভোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।





