সোমবার অনুরাগীদের দারুণ সারপ্রাইজ দিয়েছেন দেব (Dev)-শুভশ্রী (Subhashree)। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেছেন দেশু। আর মুহূর্তেই ভাইরাল দেব শুভশ্রীর একসঙ্গে তোলা সেই ছবি। সোমবার তবে শুধু ছবিই নয়, তার সঙ্গে তাঁদের আগামী ছবি ‘দেশু ৭’ (Desu7) নিয়ে বড় ঘোষণাও করেছেন। টলিউডের ‘মেগাস্টার’ ও ‘লেডি সুপারস্টার’ একসঙ্গে এদিন তাঁদের আগামী ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের খোঁজও দিলেন। তাঁরা এদিন পোস্ট করে জানিয়েছেন ৫ ফেব্রুয়ারি থেকে ‘দেশু ৭’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এই অপ্রত্যাশিত বড় ঘোষণা যেমন দর্শক- অনুরাগীদের উত্তেজিত করেছে, ঠিক তেমনই নজর কেড়েছে দেব-শুভশ্রীর নতুন পোস্ট করা ছবি গুলি। যে ছবি গুলি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে দেব শুভশ্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন। তাঁদের পোশাক দেখে বোঝাই যাচ্ছে কিছুদিন আগে যে লাইভে এসেছিলেন ‘দেশু’ জুটি সেদিন তোলা ওই ছবি গুলো। দু’জনকে বহু বছর পর এক সাথে ফটোশুটে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় দেব-শুভশ্রীর ছবি।

২০২৬-এর পুজোয় আসছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির সাত নম্বর ছবি। যার হ্যাশট্যাগ অনেকদিন আগেই তৈরি হয়েছিল, ‘দেশু৭’। কিন্তু এই ছবি সম্পর্কে এখনও কিছুই খোলাসা করেননি দুই তারকা। তবে, ক’দিন আগে লাইভে এসে দেব ও শুভশ্রী দু’জনেই জানান তাঁদের আগামী ছবির ঘরানা কেমন হবে। শুভশ্রীর কথায়, “একটু ঝাল-নুন-মিষ্টি থাকবে। অর্থাৎ সবরকম স্বাদই থাকবে।” দেব বলেন, “দেশু ৭ রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলার ড্রামা।” দেবের কথায়, “৮-১০ জন মিলে এই ছবির চিত্রনাট্য লিখছে। মানুষকে ঠকাতে চাইছি না আমরা। আমাদের জন্য যে উন্মাদনা দর্শকের মধ্যে রয়েছে সেটা তো আশীর্বাদস্বরূপ। নাম নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। মাথায় চলছে অনেককিছু। ১ বৈশাখ আবার এসব। সেদিন পুরো ছবির কাস্টিং ঘোষণা করব।” তারপর থেকেই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।






