রাতের কলকাতায় নারীসুরক্ষা আরও মজবুত করতে নতুন দুই উদ্যোগের কথা ঘোষণা করল কলকাতা পুলিশ। শনিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই সোশ্যাল মিডিয়ায় এই নতুন ব্যবস্থায় কথা ঘোষণা করেছেন। তিনি পোস্ট করে জানালেন, এবার থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’(Pink Booth) এবং পথে নামছে রাত্রিকালীন মহিলা পুলিশের টহলদারি বাহিনী ‘শাইনিং’(Shining)। উদ্দেশ্য একটাই— বিশেষ করে রাতে কর্মরত ও পথ চলতি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা। শনিবার সন্ধ্যা থেকেই শহরের একাধিক ব্যস্ত মোড়ে চালু হচ্ছে এই ‘পিঙ্ক বুথ’। এই বুথগুলিতে দায়িত্বে থাকবেন মহিলা পুলিশকর্মীরা। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাঁরা সরাসরি মহিলাদের অভিযোগ, সমস্যা বা জরুরি প্রয়োজন শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মুখ্যমন্ত্রী শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শহরের মেয়েরা যাতে নির্ভয়ে সাহায্য চাইতে পারেন, সেই ভাবনাতেই এই উদ্যোগ। তিনি লিখেছেন, ‘‘শহরে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশ দু’টি নতুন প্রকল্প চালু করছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে বসছে ‘পিঙ্ক বুথ’। এগুলি মহিলাদের দ্বারা পরিচালিত হবে এবং শনিবার থেকেই প্রতি দিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরে আমার বোনেরা যে কোনও সাহায্যের জন্য ‘পিঙ্ক বুথ’-এর মাধ্যমে মহিলা অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।’’প্রাথমিক পর্যায়ে পাঁচটি জায়গায় বুথ চালু হয়েছে— শ্যামবাজার, কাঁকুরগাছি, উল্টোডাঙা হাডকো মোড়, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা। ভবিষ্যতে আরও বুথ খোলার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সম্প্রতি শ্যামবাজারে এক ‘পিঙ্ক বুথ’-এর উদ্বোধন করে জানান, বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মহিলা কর্মীরা সেখানে থাকবেন। বুথগুলিতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, সিসিটিভি, প্রয়োজনীয় যোগাযোগের নম্বর, এমনকি মহিলা কর্মীদের জন্য আলাদা পোশাক পরিবর্তনের ব্যবস্থাও রাখা হয়েছে। তাঁর কথায়, “মহিলারা অনেক সময় নিজেদের সমস্যা খোলামেলা ভাবে জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এখানে তাঁরা দ্বিধাহীন ভাবে কথা বলতে পারবেন।”
পিঙ্ক বুথের পাশাপাশি এদিন থেকে শহরের টহলদারিতে নামছে ‘শাইনিং’বাহিনী — একটি বিশেষ মহিলা মোবাইল প্যাট্রল টিম। শনিবার রাত থেকেই এই বাহিনী শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টহল শুরু করবে। মহিলা অফিসারদের টহলদারি বাহিনীগুলির নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি লিখেছেন, ‘‘শনিবার রাত থেকে বিশেষ মোবাইল প্যাট্রল টিম ‘শাইনিং’ শহরের রাস্তায় টহল দেবে। রাত ৮টা থেকে ২টো পর্যন্ত তারা রাস্তায় থাকবে।’’ এই বিশেষ টহলদারি বাহিনীও মহিলা অফিসারেরা পরিচালনা করবেন। ইএম বাইপাস-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টহলদারি চলবে। রাতে কর্মরত মহিলাদের কথা ভেবে এই উদ্যোগ বলে জানিয়েছেন মমতা। পোস্টে তিনি লিখেছেন, ‘‘গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়ে আসছে। নতুন উদ্যোগগুলি সেই অবস্থানকেই এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’’বিশেষ করে যে সব রাস্তা দিয়ে মহিলারা রাতে বাড়ি ফেরেন, সেই পথগুলিকেই প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী টহলের সময়সীমা বাড়ানো বা কমানো হতে পারে। পুলিশের মতে, রাস্তায় উর্দিধারী মহিলা অফিসারদের উপস্থিতি মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে।
এপ্রসঙ্গে বলা দরকার, সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার পদে পরিবর্তন হয়েছে। মনোজ বর্মার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন আইপিএস সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরে রাতের নাকা চেকিং বৃদ্ধি, আচমকা পরিদর্শন এবং রাস্তায় সক্রিয় উপস্থিতির মাধ্যমে তিনি পুলিশের তৎপরতা বাড়িয়েছেন। নারী নিরাপত্তাকেও অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক ঘটনা সামনে আসে প্রায়ই। দিল্লি ও উত্তরপ্রদেশ-সহ বহু জায়গায় রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তুলনামূলক ভাবে কলকাতা নিরাপদ শহর হিসেবে পরিচিত। তবে বিচ্ছিন্ন ঘটনার নজিরও রয়েছে। এই পরিস্থিতিতে ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। প্রশাসনের আশা, এই নতুন প্রকল্পগুলি শহরের নারী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং মহিলাদের জন্য কলকাতাকে আরও নিরাপদ করে তুলবে।





