Header AD

মিমির বনগাঁ অনুষ্ঠান কাণ্ডে নয়া মোড়! অভিনেত্রীকে আইনি নোটিশ তনয় শাস্ত্রীর

মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বনগাঁর অনুষ্ঠান বিতর্কে নয়া মোড়। বড় বিপাকে অভিনেত্রী। জামিনে জেলমুক্তির পরই অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠালেন তনয় শাস্ত্রী। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে আইনি নোটিস পাঠানো হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাতেও মূলত তিনটি কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে মিমিকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। ওই পারিশ্রমিক ফেরতের দাবি জানিয়েছেন তনয় শাস্ত্রী। দ্বিতীয়ত, মিমি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় জেলযাত্রা পর্যন্ত হয়েছে। এর জন্য মিমির বিরুদ্ধে মানহানির মামলা করে ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। তৃতীয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমি চক্রবর্তীকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। না হলে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত হয় গত ২৫ জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।সেই অনুষ্ঠান থেকেই বিতর্কের সূত্রপাত। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। অনুষ্ঠানের অনুমতি ছিল রাত ১২ টা পর্যন্ত। সেই কারণে নাকি তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন তনয় শাস্ত্রী। এরপরই মিমি চক্রবর্তী তনয়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন । এই মর্মে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়।ঘটনার পরিপ্রেক্ষিতে তনয় শাস্ত্রীকে ধরার জন্য যায় বনগাঁর পুলিশ। সেই সময় বাধার মুখে পড়তে হয় পুলিশকে। তাঁকে থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশকে প্রথমে বেগ পেতে হয়েছিল। পুলিশকে ‘হেনস্তা’ ও কাজে বাধা দেওয়ার অভিযোগেও মামলা হয় তনয় শাস্ত্রী ও ধৃত দু’জনের বিরুদ্ধে। আদালতের তোলা হলে বিচারক তনয় শাস্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার সেই মেয়াদ শেষে ধৃতদের আদালতে তোলা হয়। অভিনেত্রী মিমির করা মামলায় জামিন পান তনয়। তবে পুলিশকে করা হেনস্তার মামলায় সেদিন জামিন পাননি তনয়। গত ১২ ফেব্রুয়ারি পুলিশের দায়ের করা মামলায় জামিন পান তনয় শাস্ত্রী। জামিনে মুক্তির পরই মিমির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন তনয়।

এদিকে, নতুন করে দায়ের হওয়া মানহানি মামলা ও আইনি নোটিশ প্রসঙ্গে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বনগাঁর সেই বিতর্কিত ঘটনাকে ঘিরে আইনি টানাপোড়েন কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর সকলের।