টলিউডে দীর্ঘদিন ধরে চলতে থাকা ‘ব্যান কালচার’ বিতর্কে নতুন আশার আলো দেখা গেল। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিয়োয় সাংবাদিক বৈঠকে প্রযোজক-অভিনেতা ও সাংসদ দেব (Dev) স্পষ্ট জানান, আর কোনওভাবেই এই সংস্কৃতি চলতে দেওয়া হবে না। তাঁর কথায়, টলিউডের অভিভাবক প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) আশ্বাস দিয়েছেন—যে সব পরিচালক ও অভিনেতা দীর্ঘদিন কাজের বাইরে রয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে তাঁদের ফের কাজে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এই ঘোষণার তিন দিনের মধ্যেই ইতিবাচক সাড়া দিল পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’। সংগঠনের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, তারা সমস্যার সমাধানে আগ্রহী এবং আলোচনার পথে এগোতে প্রস্তুত।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, তাঁর উদ্বেগ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংগঠনটি কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে দায়ের করা মামলা প্রত্যাহার করেছে।
দেব আরও বলেন, এই সিদ্ধান্ত তাঁকে ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত করেছে। একইসঙ্গে টলিউডের একজন সদস্য হিসেবে তিনি গর্বিত। তাঁর কথায় ,’এই পদক্ষেপে আমি ব্যক্তিগতভাবে যে ভীষণ খুশি সে কথা অনস্বীকার্য। একইসঙ্গে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে আজ আমি গর্বিত। সিনেমা মূলত পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া এবং পরস্পরের কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর নির্ভরশীল। আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থান যেখানে মতভেদগুলো আলাপ-আলোচনা ও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাধান করা। আমি আশা করি এই পদক্ষেপ আমাদের মতো প্রতিটি শিল্পীর প্রগতিশীল ভবিষ্যৎ ও সুন্দর পরিবেশ গড়তে বিরাট ভূমিকা পালন করবে। ইন্ডাস্ট্রিতে শিল্পীকে নিষিদ্ধ করা সংস্কৃতি থেকে সরে এসে শক্তিশালী ও ঐক্যবদ্ধ শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাই।’

তবে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এখনও এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেননি। সংবাদমাধ্যমের কাছে তাঁর বক্তব্য, চিঠিটি এখনও তাঁদের হাতে পৌঁছায়নি। আগে চিঠি হাতে পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে, তারপর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





