Header AD

গার্ডেনরিচে নতুন জলপ্রকল্প: আগামী ২৫ বছরেও কলকাতায় আর জলসংকট নয়, আশ্বাস মেয়রের

রাজ্য সরকারের লক্ষ্য গোটা বাংলার সার্বিক উন্নয়ন। জেলায় জেলায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সরবরাহ—বেশিরভাগ ক্ষেত্রেই চলছে উন্নয়নমূলক কর্মসূচী। ভবিষ্যতে কলকাতাবাসী যাতে জলসংকটে না পড়েন, সেই চিন্তা থেকেই এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। গার্ডেনরিচের ময়লা ডিপো এলাকায় গড়ে উঠবে নতুন একটি জলপ্রকল্প। এই বৃহৎ জলপ্রকল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শহরের পানীয় জল সরবরাহ নিয়ে প্রশ্ন ওঠে। তারই উত্তরে মেয়র জানান, গার্ডেনরিচের ময়লা ডিপোতেই নতুন জলপ্রকল্প তৈরি হবে এবং এই প্রকল্পের জন্য জমিটি তিনি নিজেই নির্বাচন করেছেন। প্রকল্পটি চালু হলে দিনে প্রায় ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন করা সম্ভব হবে।

মেয়র আরও জানান, এই জলপ্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের কাছে কলকাতা পুরসভার পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে। নবান্নের সবুজ সংকেত মিললেই কাজ শুরু হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে আগামী ২৫ বছর পর্যন্ত কলকাতায় পানীয় জলের কোনও সংকট দেখা দেবে না বলেই আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, কলকাতায় একের পর এক বহুতল গড়ে ওঠায় শহরবাসীর জলের চাহিদা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল তোলার বিষয়েও প্রশ্ন ওঠে। মেয়র স্পষ্ট করেন, এই বিষয়ে পুরসভা কড়া নজরদারি চালাচ্ছে, যাতে পরিবেশগত ভারসাম্য নষ্ট না হয়।

নতুন জলপ্রকল্পের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি কলকাতাবাসী। এখন দেখার, কবে বাস্তবে রূপ নেয় এই পরিকল্পনা। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে গার্ডেনরিচে একটি জলপ্রকল্প রয়েছে। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা যাদবপুর, গড়িয়াহাট, রাসবিহারী, কালীঘাট, টালিগঞ্জ, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, বেহালা, জোকা, সিরিটি, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, খিদিরপুর এই পানীয় জল সরবরাহ প্রকল্পের আওতায় রয়েছে।

প্রসঙ্গত, আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এমন একটি গুরুত্বপূর্ণ জলপ্রকল্প গড়ে ওঠার সুখবর রাজনৈতিক ও প্রশাসনিক—দু’দিক থেকেই যে তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।