Header AD
Trending

শহরে নতুন জল প্রকল্প, জলকষ্টের সমাধানে পদক্ষেপ কলকাতা পুরসভার

কলকাতা পুরসভার বিস্তীর্ণ এলাকায় জল কষ্ট সমাধানে বড় পদক্ষেপ! সামনেই আসছে গ্রীষ্মকাল, এই সময়কালে শহরবাসীদের যাতে কোনও রকম জল কষ্টে ভুগতে না হয়, তাই আগেভাগেই বড় পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে জোর কদমে এগচ্ছে দুটি নতুন জল প্রকল্পের কাজ। ধাপা ও গড়িয়া ঢালাই ব্রিজের কাছে নির্মাণ করা হচ্ছে আধুনিক ‘ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’। পুর কর্তৃপক্ষের লক্ষ্য, এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করে আগামী মার্চ- এপ্রিল মাসের মধ্যেই পানীয় জল সরবরাহ শুরু করা।

জানা গিয়েছে, ধাপায় নির্মীয়মাণ প্লান্টটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ মিলিয়ন গ্যালন। অন্যদিকে, গড়িয়া ঢালাই ব্রিজে তৈরি হচ্ছে আরও একটি প্লান্ট, যেখানে প্রতিদিন ১০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদন করা হবে। এই দুই প্রকল্প চালু হলে পুরসভার সংযুক্ত এলাকা, যেমন টালিগঞ্জ, যাদবপুর এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের কয়েক লক্ষ বাসিন্দা উপকৃত হবেন বলে দাবি করেছে পুর প্রশাসন। তবে শুধু জলপ্রকল্প নির্মাণেই শেষ নয়। সেই জল পৌঁছে দিতে প্রয়োজন বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক। তাই জল প্রকল্পের নির্মাণ শেষ হলেও জল সরবরাহের চিন্তা থেকেই যাবে বলে মনে করছেন অনেকে। তাই দ্রুত কাজ শেষ করতে তৎপর প্রশাসন।

পুরসভা সূত্রে খবর, প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে মোট ৯১টি স্ট্রেচ মিলিয়ে ১৩৫ কিলোমিটার নতুন পাইপলাইন পাতার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৪৬ কিলোমিটারেরও বেশি অংশে পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। পাইপ বসানোর জন্য বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। এ বার সেই সব রাস্তা দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের কাজে হাত দিয়েছেন পুর কর্তৃপক্ষ। বর্তমানে প্রায় ২৫টি রাস্তার সংস্কারের কাজ চলছে জোরকদমে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে তৎপর পুর প্রশাসন। নির্ধারিত সময়ে জল সরবরাহ শুরু হলে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব কলকাতার দীর্ঘদিনের জলসঙ্কট অনেকটাই মিটবে হবে বলে আশা করা হচ্ছে।