Header AD

আর অ্যাকশন নয়! আবার রোমান্টিক অবতারে পর্দায় ফিরছেন বলিউড বাদশা

বয়স ষাটের কোঠা পেরলেও ,বলিউডের পর্দায় রোম্যান্স আর বাদশা যেন একে-অপরের পরিপূরক। তবে বিগত একদশকে শাহরুখ খানকে (ShahRukh Khan) রোম্যান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শক-অনুরাগীরা! বছর পাঁচেক বিরতি পর তেইশ সালে অ্যাকশনকে সঙ্গী করেই মারকাটারি প্রত্যাবর্তন ঘটেছিল কিং খানের। নয়া অবতারে বলিউডের বক্স অফিস চাঙ্গা করেছিলেন ‘পাঠান’,‘জওয়ান’। তবে সেই অ্যাকশন মোড ছেড়ে আবারও রোম্যান্টিক অবতারে ফিরছেন কিং খান।

আর পর্দায় শুধু অ্যাকশন নয়, ফের রোমান্সে ডুব দিতে চলেছেন শাহরুখ খান। আসমুদ্রহিমাচল তাঁর সেই দুবাহু প্রসারিত প্রেমিক ভঙ্গিমার অপেক্ষায়। বলিউড সূত্রে খবর, তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর কাজ এখন শেষ পর্যায়ে। আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে পরবর্তী প্রজেক্টের প্রস্তুতিও। ইতিমধ্যেই একাধিক পরিচালক ও লেখকের সঙ্গে গোপনে বৈঠক সেরেছেন কিং খান। শোনা যাচ্ছে, একটি রোম্যান্টিক গল্পের চিত্রনাট্য নাকি বেশ পছন্দও হয়েছে তাঁর। তাই ‘কিং’-এর কাজ শেষ হলেই কিছুদিনের বিরতির পরেই সেই ছবির কাজে মনোনিবেশ করতে চান তিনি। সূত্রের খবর, বাদশার আরেকটি নতুন ছবি ‘ম্যায় হুঁ না’র ধাঁচেই তৈরি হচ্ছে নতুন ছবির চিত্রনাট্য। কিংবা তার সিক্যুয়েলও হতে পারে।

শোনা যাচ্ছে, বাদশার এই নতুন প্রজেক্ট হিন্দি সিনেমার রোম্যান্টিক ধারায় এক নতুন মাত্রা যোগ করতে পারে। সেই কারণেই ছবির বাজেটও রাখা হয়েছে বেশ বড়সড়। আরও জানা গিয়েছে, এই মেগাবাজেট ছবিতে নাকি দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন তিনি । এমনকি,এটি মূলত রোম্যান্টিক গল্প হলেও অভিনেতার বয়সকে মাথায় রেখে বাস্তবধর্মী চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। জানা যাচ্ছে, এই সিনেমা পরিণত প্রেমের গল্প বলবে। আপাতত চিত্রনাট্যের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী জুন মাসেই সবটা চূড়ান্ত হবে। কিন্তু আচমকাই কেন অ্যাকশন থেকে রোম্যান্সে ফিরতে চাইলেন বাদশা? খবর, বিগত কয়েক বছর ধরে তিনি শুধু অ্যাকশন সিনেমাই করে যাচ্ছেন। লাগাতার অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়ে একাধিকবার চোটও পেয়েছেন শাহরুখ খান । সেই কারণে চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত রোমান্টিক ছন্দে ফিরতে চাইছেন তিনি। আর তাই অ্যাকশনের বদলে রোম্যান্টিক ঘরানার ছবির দিকেই ঝুঁকছেন কিং খান। সূত্রের খবর, ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই এই মেগাবাজেট রোম্যান্টিক ড্রামার শুটিং শুরু হতে পারে।