Header AD
Trending

ট্রেনের টয়লেটে আর শিকলবাঁধা মগ নয়, আসছে আধুনিক জেট স্প্রে

এক্সপ্রেস হোক বা মেল, দূরপাল্লার ট্রেনযাত্রায় শৌচাগার ব্যবহার অনেক যাত্রীর কাছেই অস্বস্তিকর অভিজ্ঞতা। ট্রেনের গতি, পরিচ্ছন্নতার অভাব, আর তার সঙ্গে যুক্ত হয়েছে আরও এক বিরক্তির নাম—শিকলে বাঁধা ছোট স্টিলের মগ। জল কম ধরে, শিকল ছোট, ঠিকঠাক ব্যবহার করতে গেলেই জল ছিটকে পড়ে। ফলে বিরক্তি যেমন বাড়ে, তেমনই হাস্যরসের খোরাকও হয় এই মগ। এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার নড়েচড়ে বসল ভারতীয় রেল। রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার ট্রেনের শৌচাগার থেকে তুলে দেওয়া হবে শিকলবাঁধা মগ এবং জলের কল। তার বদলে বসানো হবে আধুনিক জেট স্প্রে। ইতিমধ্যেই দেশের সমস্ত রেলওয়ে জোনকে এই নির্দেশ পাঠানো হয়েছে।

রেল আধিকারিকদের বক্তব্য, একসময় ট্রেনের টয়লেটে কেবল জলের কলই ছিল। যাত্রীদের সুবিধার কথা ভেবে পরে স্টিলের মগ যোগ করা হয় এবং চুরি ঠেকাতে সেটিকে শিকলে বাঁধা হয়। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, শিকল ভেঙে মগ চুরি যাওয়ার ঘটনাও বিরল নয়। এই সব ঝক্কি এড়াতেই এবার জেট স্প্রের পথে হাঁটছে রেল।

সূত্রের খবর, নর্দার্ন রেলওয়ের অধীনে দিল্লি ও অম্বালা ডিভিশনের শতাব্দী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে জেট স্প্রে বসানো হয়েছিল। সেই পরীক্ষায় সাফল্য আসায়, নর্দার্ন রেলওয়ের শতাব্দী এক্সপ্রেসের ১৮২টি কোচে ইতিমধ্যেই জেট স্প্রে লাগানো হয়েছে।

তবে এখানেই শেষ নয় প্রশ্ন। অতীতে একাধিকবার ট্রেনের ঝকঝকে আসবাব ভাঙচুর বা চুরির খবর শিরোনামে এসেছে। তাই যাত্রীদের নাগরিক সচেতনতা নিয়েও উদ্বেগ থেকেই যাচ্ছে। যাত্রীস্বার্থে এই আধুনিক ব্যবস্থা চালু হলেও, সবাই কতটা দায়িত্বশীলভাবে তা ব্যবহার করবেন এবং এই পরিবর্তন কতটা সফল হবে, সেদিকেই এখন তাকিয়ে রেল ও যাত্রীরা দু’পক্ষই।