Header AD

টিকিট ক্যানসেলে আর মিলবে না টাকা—বন্দে ভারত ট্রেনে কঠোর হল রেলের নতুন নিয়ম

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত II–এর মতো প্রিমিয়াম ট্রেনগুলির টিকিট বাতিলের নিয়মে বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পরে টিকিট ক্যানসেল করলে যাত্রীদের আর কোনও অর্থ ফেরত দেওয়া হবে না। চলতি বছরেই এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে।

সংশোধিত নীতিতে বলা হয়েছে, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে এক টাকাও ফেরত মিলবে না। আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট ক্যানসেল করলে কিছু টাকা কেটে বাকি অংশ ফেরত পাওয়া যেত। এবার সেই সুবিধা পুরোপুরি তুলে নেওয়া হলো।

নতুন নিয়ম অনুযায়ী—

  • ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
  • ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে যাত্রীরা পাবেন মাত্র ৫০ শতাংশ টাকা ফেরত।
  • ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার পর টিকিট বাতিল করলে কোনও অর্থ ফেরত মিলবে না।

রেলওয়ের যুক্তি, বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত II ট্রেনে যাত্রীদের আসন ১০০ শতাংশ নিশ্চিত থাকে। এখানে আরএসি বা ওয়েটিং লিস্টের কোনও ব্যবস্থা নেই। ফলে শেষ মুহূর্তে টিকিট বাতিল হলে সেই আসন পূরণ করার আর সুযোগ থাকে না, যার ফলে রেলের বড়সড় রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এই কারণেই এত কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি প্রথম বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত II ট্রেন চালু করেছে ভারতীয় রেল। নতুন নিয়মের পাশাপাশি যাত্রীদের উদ্দেশে রেলের স্পষ্ট বার্তা—ভ্রমণের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হলে টিকিট বুক না করাই ভালো, নইলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।