এবার থেকে টিকিট ফেরতে আর মিলবে না টাকা! যাত্রীদের অপ্রয়োজনীয় বুকিংয়ে লাগাম টানতে বড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল (rail booking)। টিকিট বাতিল মানেই আর টাকা ফেরত নয়—রেলের কড়া বার্তা সামনে। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার আগে যদি কোনও কনফার্ম টিকিট বাতিল করা হয়, তাহলে সেই টিকিটের জন্য আর কোনও অর্থ ফেরত পাওয়া যাবে না। রেলমন্ত্রকের মতে, এই পদক্ষেপের ফলে টিকিট বাতিলের নিয়ম আরও কঠোর হবে এবং শেষ মুহূর্তে টিকিট বাতিলের (reservation) প্রবণতা কমবে। এর পাশাপাশি, সংরক্ষণ বা রিজার্ভেশন ব্যবস্থায় স্বচ্ছতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধু নিয়ম কড়া করাই নয়, একযোগে রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজও শুরু হচ্ছে। আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলা এবং যাত্রী পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে খুব শীঘ্রই প্রায় পাঁচটি বড় সংস্কারের ঘোষণা আসতে চলেছে। দূরপাল্লার ট্রেনগুলির চার্ট তৈরির সময়সীমাতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। আগে ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে চার্ট তৈরি করা হত, ফলে অনেক যাত্রী শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় থাকতেন। কিন্তু এখন সেই সময়সীমা বাড়িয়ে ৯ থেকে ১৮ ঘণ্টা আগে করা হবে। এর ফলে যাত্রীরা আগেভাগেই জানতে পারবেন তাঁদের টিকিট কনফার্ম হয়েছে কি না এবং প্রয়োজন হলে বিকল্প যাত্রার ব্যবস্থা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন।
রেলের নতুন নিয়ম অনুযায়ী ই-টিকিট বাতিল প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় করা হয়েছে। এবার যাত্রীদের আলাদা করে টিকিট ডিপোজিট ফাইল করার প্রয়োজন নেই; রিফান্ডের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া, যাত্রীরা এখন যে কোনও স্টেশন কাউন্টার থেকেও টিকিট বাতিল করতে পারবেন। রিফান্ডের হারও নির্দিষ্ট সময়সীমার ওপর নির্ভর করছে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে বেশি রিফান্ড দেওয়া হবে, যেখানে কেবল ন্যূনতম চার্জ কাটা হবে। ট্রেন ছাড়ার ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে, আর ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কাটা হবে। তবে ৮ ঘণ্টার কম সময় আগে বাতিল করলে আর কোনও টাকা ফেরত দেওয়া হবে না।
এছাড়া, যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত তাদের ‘বোর্ডিং স্টেশন’ও পরিবর্তন করতে পারবেন, যা যাত্রার পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা এনে দেবে। নতুন এই পদক্ষেপগুলোর ফলে টিকিট বাতিল ও পরিবর্তন প্রক্রিয়া অনেক দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক হবে। এর আগে টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও গত বছর থেকে বেশ কিছু কড়া নিয়ম চালু করেছে রেল। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপে জেনারেল কোটায় টিকিট কাটার জন্য আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এজেন্ট বা দালালরা যাতে দ্রুত টিকিট বুক করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা।





