Header AD

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম! ভূমিধসে আটকে পড়া ২০০ পর্যটককে উদ্ধার

sikkim

টানা বৃষ্টির জেরে উত্তর সিকিমে (North Sikkim) ভয়াবহ ভূমিধসের (Land Slide) সৃষ্টি হয়। যার জেরে প্রায় ২০০ জন পর্যটক রাস্তায় আটকে পড়েন। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় দ্রুত উদ্ধারকাজে নামে স্থানীয় পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে শেষপর্যন্ত সকল পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টিতে চুংথাং এলাকায় সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়। গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নামায় যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ফলে লাচেনগামী পর্যটকেরা চুংথাংয়ে আটকে পড়েন। সংখ্যায় প্রায় ১৫০ থেকে ২০০ জন পর্যটক সেখানে ছিলেন বলে খবর।

রাতেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয় এবং পাশাপাশি আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের থাকার জন্য ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ক্যাম্প এবং স্থানীয় গুরুদ্বারে ব্যবস্থা করা হয়। যদিও জায়গার অভাবে কিছু পর্যটক সমস্যায় পড়েন এবং রাতেই গ্যাংটকে ফেরার চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তার কারণে প্রশাসন তাঁদের সেই অনুমতি দেয়নি।

বুধবার আবহাওয়ার কিছুটা উন্নতি হলে পর্যটকদের ধীরে ধীরে গ্যাংটকে নামিয়ে আনা হয়। অন্যদিকে, লাচুংয়ের পথে যে ধস নেমেছিল, তা রাতেই সরিয়ে ফেলা সম্ভব হয়েছে এবং সেই পথে আটকে থাকা পর্যটকেরাও নিরাপদে ফিরে এসেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করে স্বাভাবিক যাতায়াত চালু করার চেষ্টা চলছে। পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং পর্যটকদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের লোনার্ক হিমবাহ হ্রদ বিপর্যয়ের পর লাচেন রুট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি মেরামতের পর ৯ মার্চ থেকে আবার সেই রুট চালু করা হয়েছিল। কিন্তু নতুন করে ভূমিধসের ঘটনায় ফের উদ্বেগ বাড়ছে।