Header AD

প্রবল তুষারপাতে স্তব্ধ উত্তর-পূর্ব সিকিম, সেনার তৎপরতায় উদ্ধার কয়েক হাজার পর্যটক

উত্তর-পূর্ব সিকিমে (North-East Sikkim) ভয়াবহ তুষারপাতের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার পর্যটক। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আচমকাই প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েন তাঁরা। মঙ্গলবার ছাঙ্গু লেক-এর নিকটবর্তী শেরথাং এলাকায় ভারী তুষারপাতের ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পর্যটকদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

১৫ মাইল এলাকা থেকে ছাঙ্গু লেক পর্যন্ত রাস্তায় পুরু বরফ জমে যাওয়ায় প্রায় ৫৪১টি গাড়ি আটকে পড়ে। এতে প্রায় ২,৭৩৬ জন পর্যটক তীব্র ঠান্ডার মধ্যে দীর্ঘ সময় আটকে থাকেন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত প্রায় ৩,০০০ পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। সিকিম প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় গাড়িচালকদের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, ভবিষ্যতে এ ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে পর্যটক ও ট্রাভেল এজেন্সিগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। পাহাড়ে ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তুষারপাতের সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা এড়াতে গাড়ির চাকায় স্নো চেইন ব্যবহারের উপরও জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের চিত্র কিছুটা আলাদা। দার্জিলিং জেলার সান্দাকফু-তে মঙ্গলবার ভোর থেকে মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। বরফে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটক সেখানে পৌঁছাতে না পারলেও, যাঁরা আগে থেকেই সান্দাকফুতে অবস্থান করছেন, তাঁরা উপভোগ করছেন মনোরম সাদা চাদরে মোড়া পাহাড়ি দৃশ্য।
প্রকৃতির রূপ যেমন মোহময়, তেমনি তার রুদ্ররূপও ভয়ংকর—এই ঘটনা আবারও সেই বার্তা মনে করিয়ে দিল।