Header AD
Trending

চলন্ত ট্রেনে পুলিশের ছদ্মবেশে দুঃসাহসিক চুরি, নৈহাটিতে জিআরপির জালে কুখ্যাত সঞ্জয়

খাকি পোশাক পরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চলন্ত ট্রেনে চুরি! শেষমেশ ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী সঞ্জয় ব্যাপারী। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করেছে নৈহাটি জিআরপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বিভিন্ন সময়ে কুলি, হকার এমনকী পুলিশ সেজেও ট্রেনে চুরি করত। সাম্প্রতিক ঘটনায় সে পুরোপুরি খাকি পোশাকে নিজেকে রেল পুলিশের কনস্টেবল পরিচয় দিয়ে শিয়ালদহগামী বালিয়া এক্সপ্রেসে ওঠে। ব্যান্ডেল স্টেশন থেকে কলকাতাগামী ওই ট্রেনে এক চিকিৎসক উঠেছিলেন। তাঁর ব্যাগে সামান্য নগদ টাকা থাকলেও ছিল এমবিবিএসের শংসাপত্র, কর্মস্থলের পরিচয়পত্র-সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।

ট্রেনে উঠেই চিকিৎসক ব্যাগটি বাঙ্কের উপর রাখেন। এই সুযোগেই সঞ্জয় পুলিশের ছদ্মবেশে যাত্রীদের ব্যাগে ‘তল্লাশি’ চালানোর ভান করে নজরদারি শুরু করে। পুলিশ ভেবে কেউই সন্দেহ করেননি। সেই সুযোগে চিকিৎসকের ব্যাগটি হাতিয়ে নিয়ে সে নৈহাটি স্টেশনে নেমে পালিয়ে যায়। শিয়ালদহ স্টেশনে নামার পর চিকিৎসক নিজের ব্যাগ খুঁজে না পেয়ে সহযাত্রীদের কাছ থেকে জানতে পারেন, এক ‘পুলিশকর্মী’ নৈহাটিতে একটি ব্যাগ নিয়ে নেমেছে। এরপর শিয়ালদহ জিআরপিতে জিরো এফআইআর দায়ের করা হয়। অভিযোগ পৌঁছায় নৈহাটি জিআরপিতে। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে স্পষ্ট ধরা পড়ে, খাকি পোশাকে ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছে সঞ্জয়।

তল্লাশি চালিয়ে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে চিকিৎসকের ব্যাগ ও নথিপত্র উদ্ধারের চেষ্টা চলছে।