Header AD

৫ টাকায় এবার মাছ-ভাত! ‘মা ক্যান্টিনে’ বড় বদলের ঘোষণা বিজেপি সরকারের

maa canteen

করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’ প্রকল্প। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র উদ্যোগে শুরু হওয়া এই পরিষেবায় মাত্র ৫ টাকায় ডিম-ভাত পেতেন বহু মানুষ। লকডাউনের কঠিন সময়ে নিম্নবিত্ত ও দিন আনা দিন খাওয়া মানুষের কাছে এই প্রকল্প ছিল বড় ভরসা।এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মা ক্যান্টিনের মেনুতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, খুব শীঘ্রই ৫ টাকাতেই মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাত।

শুধু তাই নয়, খাবারের পরিমাণও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কেউ আধপেটা খেয়ে না থাকেন।মন্ত্রী জানান, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই রাজ্যের বিভিন্ন মা ক্যান্টিনে নতুন মেনু চালু হয়ে যাবে। তবে মাছের পাশাপাশি ডিমও রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

কিন্তু ৫ টাকায় মাছ-ভাত দেওয়া আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও দিলীপ ঘোষের বক্তব্য, আপাতত খাবারের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। ভবিষ্যতে খরচ বৃদ্ধি পেলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে। ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে এবং মাছ খাওয়ার সংস্কৃতিতে বাধা আসবে। কিন্তু মা ক্যান্টিনের নতুন মেনুতে মাছ অন্তর্ভুক্ত করে সেই ধারণা ভুল প্রমাণ করার চেষ্টা করছে নতুন সরকার।