Header AD

‘SIR-এর বদলা একটা করে ভোট’ মাটিগাড়া- নকশালবাড়ির সভা থেকে মা-বোনেদের বুথ পাহারার ডাক মমতার

cm matigara nakshalbari

রাজ্যে ভোটের (West Bengal Assembly Election) দামামা বেজে গিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে পর পর তিনটি রাজনৈতিক জনসভা করেন তিনি। মাটিগাড়ায় সেখানকার প্রার্থী শঙ্কর মালাকার এবং ফাঁসিদেওয়ার প্রার্থী রিনা এক্কার হয়ে প্রচার করেন তিনি। এখানকার সভা থেকে বিজেপির বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়ানোর ডাক দেন তৃণমূল নেত্রী।

এদিনের সভা থেকে মাটিগাড়া-নকশালবাড়ির মা-বোনেদের বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মমতা। বলেন, ‘‘এসআইআর (SIR)-এর বদলা একটা করে ভোট। আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু আমি দেখেছি, বাঁকুড়ায় ওরা বিজেপির পতাকা নিয়ে যাচ্ছিল। কোনও দিন যা হয়নি, তা হচ্ছে। মা-বোনেরা ভোটের দিন সকাল থেকে বুথ পাহারা দিন। পাঁচ বছরের জন্য যদি শান্তি চান, এক দিনের জন্য পাহারা চাই। যাতে দিল্লির লোকজন এসে ছাপ্পা না দিতে পারে। ভয় দেখালে ঘরে যা আছে তা নিয়ে বেরোবেন।”

দিনের তৃতীয় সভা থেকেও এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে রাজ্যে ২০০-র বেশি মানুষ মারা গিয়েছেন বলেও অভিযোগ করেছেন মমতা। মমতার অভিযোগ, মুসলমান, আদিবাসী, রাজবংশীদের ইচ্ছাকৃত নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘এত দিন কাটানোর পর এখন পরীক্ষা দিতে হবে এই দেশের নাগরিক কি না? ওদের লজ্জা হওয়া উচিত। আদিবাসী, রাজবংশীদের বেছে বেছে নোটিশ দিয়েছে। এর পরে এনআরসি করবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আমি থাকতে তা কখনও হবে না।’’

তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘SIR-র জন্য কত লাইন দিতে হয়েছে? কত আদিবাসীর নাম বাদ দিয়ে দিয়েছে? রাজবংশী, বাঙালিদেরও সরিয়ে দিয়েছে। সেই বিজেপি ভোট চাইছে? এটা কি বিজেপির জমিদারি? না, এটা আমাদের জমিদারি। জনতার জমিদারি।’’ এদিন মোদী, শাহকে হাঁদা ভোঁদা বলেও কটাক্ষ করেন মমতা। তালিকায় নাম বাদ যাওয়া থেকে গ্যাসের দর বৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, ‘‘বিজেপি গ্যাসবেলুন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই। গ্যাসবেলুন দিয়ে যাচ্ছে। এখন বলছে ৩৫ দিন লাগবে দুটো সিলিন্ডারের জন্য। একটা সিলিন্ডার থাকলে তো শেষ হয়ে যেতে পারে। তাই সব বাড়িতেই দুটো সিলিন্ডার রাখা হয়। দামও বা়ড়িয়ে দিচ্ছে। এরা বেশি দিন থাকলে দেশটাকেই বেচে দেবে। এরা বিক্রি করার জন্যেই এসেছে।’’

এদিনের সভা মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘পশ্চিমবাংলা সব ধর্মকে নিয়ে চলে। ধর্মের সবচেয়ে বড় জায়গা এটাই। সব উৎসব আমাদের উৎসব। আজ বাসন্তী পুজো। আগামী কাল অন্নপূর্ণা পূজা। রামনবমী হবে তার পর। আমরাও রামনবমীর মিছিল করি। রাম কারও কেনা নয়।’’এরপরই বাংলার দুর্গাপুজো নিয়ে মোদী-শাহের দাবিকে উড়িয়ে দেন মমতা। চ্যালেঞ্জের সুরে বলেন, ‘‘কত পুজো হয় এসে দেখে যান।’’

মাটিগাড়া-নকশালবাড়িতে দিনের তৃতীয় জনসভা থেকে রাজ্যের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ থেকে শুরু করে ক্যান্সার হাসপাতাল, বিরসা অ্যাকাডেমি থেকে বিরসা মূর্তি, মহাকাল মন্দির ইত্যাদি উঠে এল তাঁর বক্তব্য। মমতা জানান, উত্তরের উন্নয়নে জোয়ার এসেছে। তিনি বলেন, ‘‘এখানে মহাকাল মন্দির করছি ১৭ একর জমিতে। তার শিলান্যাস হয়ে গিয়েছে। শুধু বড় মহাদেবই নয়, দেশের যত বিখ্যাত শিবলিঙ্গ আছে, সব স্থাপনা করা হবে। শিলিগুড়ির উন্নতি হলে জলপাইগুড়ির হয়, আলিপুরদুয়ারেরও হয়। উত্তরবঙ্গে ১০০ কোটি খরচ করে ক্যানসার হাসপাতাল করছি আমরা। ’’